প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪ ২২:২৯ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৪ ২২:৩৭ পিএম
সূর্যকুমার যাদব ও জাসপ্রিত বুমরাহ
নেটে জাসপ্রিত বুমরাহর বল এড়িয়ে চলেন সূর্যকুমার যাদব। এটা চলছে গত দুই-তিন বছর ধরে। কারণটাও ব্যাখ্যা করলেন মুম্বাই ইন্ডিয়ানসের মারকুটে এ ব্যাটার। নিজের ব্যাট আর পা, দুটো বাঁচাতেই এমন সিদ্ধান্ত তার!
বৃহস্পতিবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জাসপ্রিত বুমরাহ চার ওভারে ২১ রান দিয়ে শিকার করেন পাঁচ উইকেট। ম্যাচ শেষে বুমরাহর সম্পর্কে জানতে চেয়েছিলেন ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। হাসি মাখা সুরে সূর্যকুমার বলেন, 'জাসপ্রিত বুমরাহকে নিজেদের দলে পাওয়া সবসময়ই দারুণ। আর গত দুই-তিন বছরে নেটে কখনোই আমি তার বোলিং খেলিনি, কারণ সে হয় আমার ব্যাট ভেঙে ফেলে, নয়তো পা।'
চোট কাটিয়ে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ফিরেই আউট হন শূন্য রানে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সূর্যকুমার ১৯ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলে মুম্বাইকে উপহার দেন ৭ উইকেটের দাপুটে জয়। চেনারূপে ফিরতে পারাটা সূর্যকুমারের জন্য যেমন খুশির, ঠিক বিশ্বকাপের আগে ভারতের জন্যও তা স্বস্তিদায়ক। সূর্যকুমারও বললেন, দল যোগ দিয়ে দারুণ আনন্দিত।
সূর্যকুমার বলেন, 'ওয়াংখেড়েতে ফিরতে পারা সবসময়ই দারুণ এবং স্কোয়াডের সঙ্গে যোগ দিতে পারা ছিল সবচেয়ে খুশির ব্যাপার। টুর্নামেন্ট শুরুর সময় মানসিকভাবে আমি এখানে ছিলাম, আমার শরীরটা ছিল বেঙ্গালুরুতে (জাতীয় একাডেমিতে)। এখানে আসার পর মনে হয়েছে, আমি যেন এখানেই ছিলাম।'
নিজের পছন্দের সব ধরনের শটই খেলেছেন। তবে বিশেষ করে কবজির মোচড়ে সূর্যকুমারের খেলা শটগুলো বেশ নজর কেড়েছে ম্যাচটিতে। অফ স্টাম্পের বাইরের বলও অনায়াসে অন সাইড দিয়ে বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। সূর্যকুমার জানান, এসব শট তার পরিশ্রমের ফসল, 'এই শটগুলো প্রচুর অনুশীলন করি আমি। এখন এসব আমার মাসল মেমোরিতেই থাকে। স্রেফ মাঠে নেমে উপভোগ করি।'