প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪ ১৬:৪৩ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪ ১৭:৪৮ পিএম
শ্রীলঙ্কা টেস্টে ভরাডুবি হয় বাংলাদেশের। সিলেটের পর চট্টগ্রাম— কোথাও মাথা তুলে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। দুই টেস্টেই বাংলাদেশকে ভুগিয়েছেন কামিন্দু মেন্ডিস। সিলেট টেস্টে জোড়া সেঞ্চুরির পর চিটাগংয়েও দুর্দান্ত ছিলেন কামিন্দু। বাংলাদেশের বিপক্ষে সিরিজসেরা হওয়া লঙ্কান এই ব্যাটার পেয়েছেন আইসিসির স্বীকৃতি। মার্চ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ২৫ বর্ষী বাঁ-হাতি ব্যাটার। মেয়েদের ক্রিকেটে মাসসেরা হয়েছেন ইংল্যান্ডের মাইয়া বুশিয়েই। গতকাল আইসিসির ওয়েবসাইটে দুজনের নাম ঘোষণা করা হয়।
মার্চ-সেরার মনোনয়নে কামিন্দুর সঙ্গে ছিলেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও আয়ারল্যান্ডের মার্ক অ্যাডাইর। দুজনকে টপকেছেন লঙ্কান অলরাউন্ডার। টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হয় কামিন্দুর। সুবিধা করতে পারেননি সিরিজটিতে। তবে সাদা পোশাকে হয়ে ওঠেন কার্যকরী। সিলেটে ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে দল যখন ধুঁকছিল, রক্ষাকর্তা হয়ে আবির্ভাব হয় কামিন্দুর। খেলেন ১০২ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে একধাপ এগিয়ে। ১৬৪ রানের ঝলমলে ইনিংস খেলেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ৯২ রানে অপরাজিত থাকেন। তবে দ্বিতীয় ইনিংসে তার ব্যাট হাসেনি। থামেন ৯ রানে।
নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার ও অস্ট্রেলিয়ার অ্যাশলেই গার্ডনারকে পেছনে ফেলে মেয়েদের ক্রিকেটে মার্চ-সেরা মাইয়া বুশিয়েই।