প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪ ২৩:১৫ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪ ২৩:২০ পিএম
বিসমাহ মারুফ ও গুলাম ফাতিমা
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন পাকিস্তানের দুই নারী ক্রিকেটার। গতকাল গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন ব্যাটার বিসমাহ মারুফ ও লেগ স্পিনার গুলাম ফাতিমা। সিটি স্ক্যানের রিপোর্ট বলছে, দুজনের চোট খুব বেশি গুরুতর নয়। এক বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি আরও জানিয়েছে, দুজনকেই সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তারা বোর্ডের চিকিৎসক দলের পর্যবেক্ষণে রয়েছেন।
সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ। এ লক্ষ্যে বিসমাহ-ফাতিমা দুজনই জাতীয় দলের হয়ে ক্যাম্প করছিলেন। করাচিতে আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে দুদলের সিরিজ। তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলবে তারা।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের মেয়েরা সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে গত ডিসেম্বরে। বিসমাহ ও ফাতিমা দুজনেই ছিলেন সেই সিরিজে। তিন ম্যাচের সিরিজে বিসমাহর ব্যাট থেকে এসেছে ৮৯ রান। সুপার ওভারে পাকিস্তানের জেতা তৃতীয় একদিনের ম্যাচে খেলেন ৬৮ রানের দাপুটে ইনিংস। আর ফাতিমা সেই সিরিজে শিকার করেন সর্বোচ্চ ৬ উইকেট।
পাকিস্তানের জার্সি গায়ে ১৩৩টি ওয়ানডে খেলেছেন বিসমাহ। তার রান ৩ হাজার ২৭৮। আর ১৪০টি টি-টোয়েন্টিতে রান ২ হাজার ৮৯৩। ফাতিমা পাকিস্তানের হয়ে ১৫টি ওয়ানডে খেলে উইকেট পেয়েছেন ২৭টি। ৫ টি-টোয়েন্টিতে তার উইকেট ২টি।