ডিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪ ২০:৩৬ পিএম
ঢাকা প্রিমিয়ার লিগের নবম রাউন্ডে শনিবার গাজী টায়ার্সকে গুঁড়িয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন আবু হায়দার। ছবি : সংগৃহীত
দিনকে দিন উন্নতি করছেন বোলিংয়ে, দলে আবু হায়দার রনির ইমপ্যাক্টও ছিল বেশ। ঢাকা প্রিমিয়ার লিগে পেসার রনি ব্যাটিংয়েও রাখছেন প্রতিবার স্বাক্ষর। বিকেএসপিতে বল হাতে ছাপিয়ে গেছেন সবকিছু। লিস্ট এ ক্রিকেটে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এনে দিয়েছেন স্মরণীয় জয়। মাত্র ২০ রান খরচ করে ৭ উইকেট নিয়ে তবুও অতৃপ্ত বাঁহাতি পেসার! ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা রনির চোখ জাতীয় দলে। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মরিয়া পেসার তাই মনোযোগী ধারাবাহিকতায়, নিজেকে তৈরি করছেন ঠিক তেমনভাবেই।
শনিবার ডিপিএলে গাজী টায়ার্সকে নিয়ে কার্যত ছেলেখেলা করেছেন রনি। তাকে সুযোগ্য সঙ্গ দিয়েছেন স্পিনার নাসুম আহমেদ। একজনের গতি, লাইন-লেন্থ আর অন্যজনের ঘূর্ণিতে ন্যূনতম লড়াইও করতে পারেনি গাজী টায়ার্স। দলটির আট নম্বরে নামা ইফতেখার সাজিদ বাদে বাকি সবাই থেমেছেন এক অঙ্কের ঘরে। পুরো দলের স্কোরলাইন অনেকটা মোবাইল ফোনের ডায়াল সংখ্যার মতো। ধুঁকতে থাকা প্রতিপক্ষকে ৪০ রানে অলআউট করে মোহামেডান। জবাবে ১ উইকেট হারালেও বলের হিসাবে প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় জয় পেয়েছে ইমরুল কায়েসের দল।
সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে মূলত ছিল ‘রনি শো’। যার শুরু ইনিংসের দ্বিতীয় ওভারেই। যার ব্যাপ্তি ছিল শেষ পর্যন্ত। এক ঘণ্টার অ্যাকশনে এক স্পেলেই প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছেন রনি। দিন শেষে তার ঈর্ষণীয় বোলিং ফিগারÑ ৬-১-২০-৭! সাত ব্যাটারের চারজনকে কোনো রানই করতে দেননি রনি। বাকি তিনজনের একজন ইফতেখার ইনিংসের সর্বোচ্চ ১৬ রান করেন। রনি শুধু একাই নন, তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন স্পিনার নাসুম। কাকতালীয় হলেও তিনিও খরচ করেছেন ২০ রান। করেছেন ৬ ওভার বোলিং, আছে একটি মেডেন। তাণ্ডব চালানো রনি এবং ঘূর্ণিতে পরাস্ত করা নাসুমের পার্থক্য উইকেটে। একজনের সাত উইকেট, অন্যজনের তিনটি। তাতেই প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট গাজী টায়ার্স।
মাত্র ১২ ওভারের মধ্যে গাজীকে অলআউট করে ব্যাটিংয়ে ৬.২ ওভারে ৯ উইকেটের জয় পেয়েছে মোহামেডান। এটি প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড। ১৯ রান করে অপরাজিত ছিলেন ইমরুল এবং ৫ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ১২ রান করে আকাশের শিকার হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।
একটুর জন্য ঘরোয়া ক্রিকেটের সেরার রেকর্ড গড়া হয়নি রনির। তার আগে ২০১৮ সালে ফতুল্লায় আবাহনীর বিপক্ষে ৪০ রানে ৮ উইকেট নিয়েছিলেন গাজী গ্রুপের ইয়াসিন আরাফাত। বোলিংয়ে কৃপণ থাকা রনি আরেকটি উইকেট নিলেই ভাগ বসাতে পারতেন ইয়াসিনের রেকর্ডে। আপাতত সেদিকে নজর নেই বাঁহাতি পেসারের। তার ভাবনার সবটুকু জায়গা জুড়েই জাতীয় দল। নির্বাচকদের দৃষ্টি কাড়তে মরিয়া এই বাঁহাতি পেসার। জাতীয় দলে মাত্র দুটি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলে ব্রাত্য হয়ে পড়া পেসার আবারও লাল-সবুজের জার্সির জন্য চালিয়ে যাচ্ছেন লড়াই।
ম্যাচ শেষে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী রনি, ‘দিন শেষে সবাই চায় জাতীয় দলে খেলতে। জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে। আমি জাতীয় দলে খেলেছি। আবার দেশকে প্রতিনিধিত্বের স্বপ্ন দেখি। এজন্য আবার ফিরতে চাই। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স ভালো হচ্ছে। অবশ্যই নির্বাচকরা আমাদের বিবেচনায় আনবেন। চেষ্টা করব নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে স্বপ্ন পূরণ করার।’
প্রিমিয়ার লিগে বেশকিছু রেকর্ড ওলট-পালট করা রনি যারপরনাই খুশি নিজের বোলিংয়ে। রেকর্ড না হলেও ফলে তৃপ্তি পেয়েছেন। দলকে জেতানোর পর নিজের কীর্তি নিয়ে বলেছেন, ‘খুবই ভালো লাগছে। এ রকম বোলিং করতে কে না চায়। বেশ কয়েক বছর ধরেই লাগাতার কষ্ট করে যাচ্ছি। পুরস্কার পেলাম। ৭ উইকেট নেওয়া সত্যিই বিশেষ কিছু। আমার ক্যারিয়ারের সেরা বোলিং। তবে এমনটা সব সময়, সব দিন হবে না। আমি পারফরম্যান্সে ধারাবাহিকতা চাই। ব্যাস এতটুকুই। সেই চেষ্টাই করে যাচ্ছি।’
নিজের দল মোহামেডান এবার ভালো করছে। ৯ ম্যাচে জয় পেয়েছে ৭টিতে। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট পাওয়া আবাহনী লিমিটেডের পরই আছে ইমরুল-রনিদের দল। লিগ টেবিলে এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সমান ১৪ পয়েন্ট নিয়ে মোহামেডান আছে টেবিলের তিনে। রাউন্ড রবিন লিগের বাকি ম্যাচগুলোতে ভালো করে সুপার লিগেও মোহামেডান ভালো করবে বলে বিশ্বাস রনির, একই সঙ্গে নিজের ধারাবাহিকতায়ও নজর তারÑ ‘আমাদের দলটা এবার বেশ গোছানো এবং ভালো করছে। প্রত্যেকে নিজেদের জায়গায় ভালো করছে। তাতে দলগত সাফল্যও আসছে।’