× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়ে সুপার সিক্স শুরু মেরিনার্সের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪ ২০:৩৫ পিএম

জয়ে সুপার সিক্স শুরু মেরিনার্সের। ছবি : সংগৃহীত

জয়ে সুপার সিক্স শুরু মেরিনার্সের। ছবি : সংগৃহীত

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দারুণ জয় পেয়েছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। গতকাল শনিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ঊষা ক্রীড়া চক্রকে ৫-৩ গোলের ব্যবধানে হারায় মেরিনার্স। এ জয়ে ঊষার বিরুদ্ধে লিগের প্রথম লেগে হারের বদলা নিলেন সবুজ, মিলন, কৌশিকরা। জয়ী দলের অধিনায়ক ফজলে হোসেন রাব্বি, মাঈনুল ইসলাম কৌশিক, সোহানুর রহমান সবুজ এবং দুই ভারতীয় রাজিন্দর সিং ও দীপক একটি করে গোল করেন। ঊষার ইশরাত ইকতিদার হ্যাটট্রিক করেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। 

এদিন খেলার তৃতীয় মিনিটে রাজিন্দর সিংয়ের ফিল্ড গোলে এগিয়ে যায় মেরিনার্স। ১৪ মিনিটে কৌশিকের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে বর্তমান চ্যাম্পিয়নরা। ২১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে মেরিনার্সকে আরও এগিয়ে নেন সবুজ। ২৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় ঊষা। ইকতিদারের গোলে ব্যবধান ৩-১ করে দলটি। ৪৩ মিনিটে আবারও গোলের আনন্দ ঊষা শিবিরে। ইকতিদার গোল করলে ব্যবধান ৩-২ করে ঊষা। ৪৪ মিনিটে দীপকের গোলে ব্যবধান ৪-২ করে মেরিনার্স। চতুর্থ ও শেষ কোয়ার্টারে দুটি গোল হয়। একটি করে মেরিনার্স; অপরটি ঊষার। ৫১ মিনিটে রাব্বির গোলে ব্যবধান ৫-২ করে মেরিনার্স। ৫৮ মিনিটে খেলার শেষ গোলটি করেন ঊষার ইকতিদার। এই গোলের মধ্য দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ইকতিদার।

সুপার সিক্সে টানা দ্বিতীয় জয় মোহামেডানের

সুপার সিক্স পর্বে টানা দ্বিতীয় জয় পেল শিরোপাপ্রত্যাশী মোহামেডান স্পোর্টিং ক্লাব। দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পুলিশ স্পোর্টিং ক্লাবকে ৬-৩ গোলের ব্যবধানে হারায় সাদা-কালোরা। আগের দিন অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ৯-২ গোলে উড়িয়ে দেওয়া দলটি গতকাল পুলিশের বিপক্ষেও বড় জয়ের দেখা পেল। ম্যাচে মোহামেডানের মালয়েশিয়ান রিক্রুট ফয়জাল বিন সারি জোড়া গোল করেন। এ ছাড়া রাসেল মাহমুদ জিমি, শিমুল ইসলাম, আমিরুল ইসলাম এবং আরেক মালয়েশিয়ান ফিতরি বিন সারি একটি করে গোল করেন। অপরদিকে বাংলাদেশ পুলিশ এসসির আহসান হাবিব এবং পাকিস্তানের ইহতিসাম আসলাম ও ভারতের দীপক প্যাটেল একটি করে গোল করেন। এ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অক্ষুণ্ন রাখল মোহামেডান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা