প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪ ২০:১৪ পিএম
দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কারস্টেন এবং অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে কোচ পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গত শনিবার এমনই গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করেছে ‘জিও নিউজ’। পাকিস্তানের সংবাদমাধ্যমটির দাবি, সাদা বলের সংস্করণে কারস্টেন এবং লাল বলে গিলেস্পিকে কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
গত বছর ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর পাইকারি ধরে পরিবর্তন হয় পাকিস্তান ক্রিকেটে। পরিবর্তন আসে কোচিং প্যানেলেও। মিকি আর্থার, গ্র্যান্ট ব্র্যাডবার্ন ও অ্যান্ড্রু পুটিককে জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। নতুন করে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে দেওয়া হয়। পরবর্তীতে তারা নিজ থেকেই সরে দাঁড়ান। তারপর নতুন কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেয় পিসিবি। আবেদনের শেষ তারিখ জানানো হয় ১৫ এপ্রিল।
১ জুন শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিউজিল্যান্ডসহ বেশ কয়েকটি সিরিজ খেলবে পাকিস্তান। মহাযঞ্চের আগেই কোচ নিয়োগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পিসিবি।