প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ২০:১১ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪ ২০:২৫ পিএম
বাংলাদেশ ক্রিকেটে ‘মার্চ’ নিতান্তই শোকের মাস। ছেলে ও মেয়ে উভয়
দলই পতন দেখেছে এ মাসে। নাজমুল হাসান শান্তরা গোহারা হেরেছেন শ্রীলঙ্কার কাছে। বাজে
সময় দেখেছেন নিগার সুলতানা জ্যোতিরাও।
ছেলেদের টেস্টে সিরিজসেরা হয়েছিলেন কামিন্দু মেন্ডিস। মেয়েদের ওয়ানডেতে
সিরিজসেরা ছিলেন অ্যাশলেই গার্ডনার। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত সময় পার করে মার্চ
মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন কামিন্দু। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন নিউজিল্যান্ডের
ম্যাট হেনরি ও আয়ারল্যান্ডের মার্ক অ্যাডাইর। মেয়েদের মাসসেরার তালিকায় গার্ডনারের
প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মাইয়া বুশিয়েই ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার।
সিলেট টেস্টের দুই ইনিংসে শতকের দেখা পান কামিন্দু। প্রথম ইনিংসে
দলের ৫৭ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর খেলেন ১০২ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে খেলেন ১৬৪
রানের আরেকটি ইনিংস। চট্টগ্রাম টেস্টেও বাজিমাত করেন কামিন্দু। ৩০ মার্চ শুরু হওয়া
সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ৯২ রানে অপরাজিত থাকেন ২৫-বর্ষী এ ব্যাটার।
বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের ২-০ ব্যবধানের সিরিজ জয়ে সিরিজসেরার স্বীকৃতি ওঠে কামিন্দুর
হাতে।