× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার্সার ত্রাতা রাফিনহা, লেভারকুসেনকে এখনই চ্যাম্পিয়ন মানছেন বায়ার্ন কোচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মার্চ ২০২৪ ২২:৫৩ পিএম

বার্সেলোনার জয়ের নায়ক রাফিনহা

বার্সেলোনার জয়ের নায়ক রাফিনহা

প্রথমার্ধে লড়াই চালিয়ে গেল তুমুল। কিন্তু গোলের দেখা মিলল না। বিরতির পরও মাঠের লড়াইয়ের চিত্রনাট্যে যেন নড়চড় নেই। ম্যাচের বয়স এক ঘণ্টা ছুঁইছুঁই। তবুও মাঠের নীরবতা যেন ভাঙছিল না। বার্সেলোনা পাচ্ছিল না গোলের দেখা। ৫৮ মিনিট পেরিয়ে গেলেও ডেডলক অটুট।

গোলশূন্য ড্রয়ের আশঙ্কা তখন পেয়ে বসেছে কাতালান ক্লাবের অনুসারীদের। ঠিক পরের মিনিটেই ন্যু ক্যাম্পের আকাশে জমাট বাঁধা সকল উৎকণ্ঠার কালো মেঘে উবে গেল। সেটা রাফিনহার দারুণ এক গোলের সুবাদে। দলের ১-০ গোলের জয়ে নায়কও যে তিনিই।

এতক্ষণে যারা ড্রয়ের অস্বস্তি হজমের ভয় পাচ্ছিলেন। সেই তারাই এবার গাঁথতে শুরু করেন জয়ের মালা। কী মনে হচ্ছে? একটু বাড়াবাড়ি? মোটেই না। ঘটনা খোলাসা করলেও অবাক হতে বাধ্য যে কেউ। এমন আত্মবিশ্বাসের নেপথ্যে রয়েছে রাফিনহার অনন্য এক কীর্তি। ব্রাজিলের এ তারকা উইঙ্গার গোল করেছেন, এমন ম্যাচে হারেনি বার্সা।

হয় জয় পেয়েছে কোচ জাভি হার্নান্দেজের দল, নয়তো হোঁচট খেয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে বার্সা। লা লিগার বর্তমান শিরোপাধারীদের হয়ে এখন পর্যন্ত ১৩ ম্যাচে গোল করে জিতেছেন। বাকি দুই ম্যাচে গোল করলেও তার দল করেছে ড্র। তবে রাফিনহার গোল করা ম্যাচে স্প্যানিশ জায়ান্টরা কখনও হারেনি।

অসাধারণ এই রেকর্ডটাই সমর্থকদের স্বপ্ন বুনতে সহায়তা করে। সবাই ধরেই নেয় বার্সা জিততে চলেছে। ৫৯ মিনিটে বার্সার ত্রাতা হিসেবে আবির্ভূত হয়ে সেই ভক্তদের বিশ্বাসটা সত্য প্রমাণ করেছেন রাফিনহা। প্রতিপক্ষ লাস পালমাস কিছুই করে দেখাতে পারেনি। রাফিনহার মাইলফলকটা থামিয়ে দিতে পারেনি অতিথিরা। 

মাঠের শত্রু লাস পালমাস পয়েন্ট তালিকার ১২ নম্বর। সেই দলের বিপক্ষেই কি না জয় ছিনিয়ে নিতে ঘাম ছুটে গেছে বার্সার। ব্যাপারটা এখানেই শেষ নয়। বার্সা এমন এক দলের সঙ্গে ড্র করেছে, যারা কি না আলভারো ভ্যালেসের লাল কার্ড দেখায় দশজনের দলে পরিণত হয়েছিল। সেও আবার ম্যাচের ২৪ মিনিটেই। এমন দুর্বল দলের বিপক্ষে কষ্টার্জিত জয়ই পেয়েছে বার্সা। এমন জয়ে মোটেও সন্তুষ্ট নন ফুটবল গুরু জাভি। 

এ দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-১ গোলে রুখে দিয়েছে ব্রেন্টফোর্ড। হোঁচট খেয়েছে চেলসিও। স্টামফোর্ড ব্রিজকে ২-২ গোলে আটকে রেখেছে বার্নলি। তবে ইংলিশ লিগে জয়ের দেখা পেয়েছে টটেনহ্যাম হটস্পার। তারা ২-১ গোলে ধরাশায়ী করেছে লুটন টাউনকে।

অন্যদিকে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ২-০ গোলে হার মেনেছে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে। বাভারিয়ানদের এ হারে জার্মান লিগ শিরোপা জয়ের দৌড়ে আরও কাছে চলে গেল বায়ার লেভারকুসেন। কোচ জাবি আলোনসোর দল যে তার আগেই হোফেনহেইমকে ২-১ গোলে হারিয়ে আরও এক ধাপ এগিয়ে যায় চ্যাম্পিয়ন হওয়ার পথে।

গত ১১ বারের চ্যাম্পিয়ন বায়ার্নের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে গেল লেভারকুসেন। হারের পর কোট টমাস টাচেলের কাছে জানতে চাওয়া হয়েছিল, শিরোপা লড়াই কি তাহলে শেষ? কোনো দ্বিধায় না ভুগে বায়ার্ন কোচ তো লেভারকুসেনকে শুভেচ্ছাই জানিয়েছেন, ‘হ্যাঁ, অবশ্যই। আজকের খেলার পর আর পয়েন্ট গোনার দরকার নেই। কত এখন (ব্যবধান)…? লেভারকুজেনকে অভিনন্দন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা