প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪ ১৪:৪৮ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪ ১৫:৪৭ পিএম
বাংলাদেশকে ১০ উইকেটে হারাল অস্ট্রেলিয়ার মেয়েরা; ছবি : আ. ই. আলীম
ওয়ানডে সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগ্রেসরা। এবার টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও বড় হারে শুরু করল লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের ১০ উইকেটের ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা।
রবিবার (৩১ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১২৬ রান করে স্বাগতিক বাংলাদেশ। জবাবে কোনো উইকেট না হারিয়ে মাত্র ১৩ ওভারেই সহজ জয় তুলে নেয় অ্যালিসা হিলির দল। এ জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই দিলারা আক্তারের উইকেট হারিয়েছিল বাংলাদেশ। মলিনিউক্সের বলে সাদারল্যান্ডের হাতে ক্যাচ দিয়ে শূন্যহাতেই বিদায় নেন ডানহাতি এই ব্যাটার। দ্বিতীয় ওভারে সোবহানা মোস্তারিও সাজঘরে ফিরে যান। ৮ বল মোকাবিলা করেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
এরপর মুর্শিদা খাতুনকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক জ্যোতি। তৃতীয় উইকেটে তারা দুজনে মিলে স্কোরবোর্ডে ৫৭ রান যোগ করেন। ২৭ বলে ১ বাউন্ডারিতে ২০ রান করা মুর্শিদার বিদায়ে ভাঙে জুটি। ওরেহামের বলে এলবিডব্লু হন টাইগ্রেস ওপেনার।
তবে এদিন ব্যাট হাতে দায়িত্বশীল ছিলেন জ্যোতি। ১৯তম ওভারের প্রথম বলে বাউন্ডারি হাকিয়ে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নেন তিনি। ৫৫ বলে ফিফটি তুলে শেষ পর্যন্ত ৬৩ বলে ৭ ৬২ রানে অপরাজিত থাকেন। শেষদিকে ফাহিমা খাতুন ২১ বলে ২ চার ও ১ ছক্কায় ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে স্কোরবোর্ডে ১২৬ রান জমা করেন।
১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো ঝড় বইয়ে দেন দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি। দুই ওপেনারের জোড়া ফিফটিতে ৪২ বল হাতে রেখেই ১০ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬৫ রান করেছেন অ্যালিসা হিলি। ৩৪ বলে ফিফটি করেন তিনি। আরেক ওপেনার মুনি ব্যক্তিগত ফিফটি করতে খেলেছেন ৩৫ বল। তিনি অপরাজিত থাকেন ৫৫ রানে। ম্যাচসেরা হয়েছেন অজি অধিনায়ক হিলি।