× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবে ভাগ্য বদলের পরীক্ষা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪ ২৩:১৮ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৪ ২৩:২০ পিএম

আগে কখনও ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে হারাতে পারেনি বাংলাদেশ, এবার সাকিব—শান্তরা তেমনটা করবে, এমন প্রত্যাশা— ছবি: গেটি ইমেজস

আগে কখনও ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে হারাতে পারেনি বাংলাদেশ, এবার সাকিব—শান্তরা তেমনটা করবে, এমন প্রত্যাশা— ছবি: গেটি ইমেজস

শঙ্কা, যন্ত্রণা এবং আত্মবিশ্বাস— চট্টগ্রাম টেস্টের আগে মুখ্য হয়ে উঠেছে এই তিন বিষয়। নাজমুল হোসেন শান্তদের যেমন সিরিজ খোয়ানোর শঙ্কা, দ্বিতীয় টেস্টে তেমনি রয়েছে সিলেটের ভরাডুবির যন্ত্রণা। শ্রীলঙ্কার বিপক্ষে এতদিন যা করতে পারেনি, সেই ‘জয়’ তোলার আত্মবিশ্বাসও ঘুরছে টাইগারদের মাঝে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি ঘুরে দাঁড়ানোর মিশনে আশার পালে যোগ করেছে ‍নতুন হাওয়া।

চন্ডিকা হাথুরুসিংহের অনুপস্থিতিতে প্রধান কোচের দায়িত্বে আসা নিক পোথাসও শুনিয়েছেন সেই আশার কথাই, ‘হয়তো এই টেস্ট চমকে দেবে আপনাকে।’ তবে পাল্টা আঘাত দিতে তৈরি লঙ্কানরাও। সফরকারী দলটির অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা দৃপ্ত কণ্ঠে বলেছেন, ‘জবাব দেব।’

আজ শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হচ্ছে দুই দলের মাঠের লড়াই। তাপ ছড়ানো ম্যাচের আগে অবশ্য স্বস্তি সফরকারী শিবিরে। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে কখনোই টেস্টে জিততে পারেনি টাইগাররা। দুই ম্যাচের সিরিজেও আছে ১-০ ব্যবধানে পিছিয়ে। সাগরিকায় সব পরিসংখ্যান বাংলাদেশ মেটাতে চায় জয় দিয়ে। নিক পোথাসের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর। বলেছেন— ‘ছেলেরা ক্ষুধার্ত, ঘুরে দাঁড়াতে মরিয়া। তারা প্রত্যেকে জয় তুলে ঘুরে দাঁড়াতে চায়।’

পরিসংখ্যান কথা বলছে টাইগারদের বিপক্ষেই। শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ২৫ টেস্টে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। বিপরীতে ১৯টিতে হার এবং পাঁচটিতে ড্র। ২০১৭ সালে কলম্বোতে নিজেদের শততম টেস্টে তাদের বিপক্ষে একমাত্র জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে এখনও অধরা জয়। লঙ্কানদের বিপক্ষে ১১ বার মুখোমুখি হয়ে ৮টিতে হেরেছে এবং বাকি তিনটি ম্যাচে ড্র করেছে লাল-সবুজের দল। এবার নাজমুল হোসেন শান্ত ব্রিগেডের সামনে সেই আক্ষেপ ঘোচানোর মিশন।

বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ আশাবাদী সেই আক্ষেপ এবার ঘুচবে, ‘ছেলেরা প্রত্যেকে ঘুরে দাঁড়াতে চায়। হয়তো তাদের মুখে হাসি দেখছেন। তাদের মেজাজ ভালো রাখাটা জরুরি। ওরা আবেগ নিয়ন্ত্রণ করে রাখে। যে করেই হোক ছেলেরা জিততে চায়। এমনকি যেকোনো ম্যাচেই জিততে চায়। আমরা উইকেট নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য ভালো খেলা, উন্নতি করা, ম্যাচ জেতা। কন্ডিশন যেমনই হোক মানিয়ে নিতে হবে।’

শান্তদের চোখ রাঙাতে পারে চট্টগ্রামের শেষ পাঁচ টেস্টের পারফরম্যান্স। এখানে খেলা সবশেষ চারটিতেই হেরেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে বাকি টেস্টটির ফল ড্র। এ ছাড়া ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে পেতে হয়েছে হারের লজ্জা। চট্টগ্রামের ব্যাটিংস্বর্গ উইকেটে আগের তেতো স্বাদ আর গিলতে চায় না স্বাগতিক শিবির। 

সিরিজ জয়ের মিশনে ছেড়ে কথা বলবে না, জানিয়ে দিয়েছে সফরকারী শিবির। শুক্রবার সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়কের কণ্ঠে ছিল বাড়তি ঝাঁজ। লাল বলের লড়াইয়ে বাংলাদেশ যেভাবে খেলবে তেমনই জবাব দিতে চান ধনঞ্জয়া। তার কথায়, ‘আমি জানি না আসলে। তারা যদি শক্তিশালী হয়ে আসে আমরাও শক্তিশালী হবে জবাব দেব, তারা শান্ত থাকলে আমরাও শান্ত থাকব।’ 

চট্টগ্রামের ব্যাটিং উইকেটে বাংলাদেশের সামনে ভয়ের কারণ হতে পারে টপ অর্ডার। সাকিব ফেরায় একজন স্পিনারের পাশাপাশি আশাবাদী ব্যাটিংয়ে শক্তি বাড়লেও শঙ্কা থাকছেই। টপ অর্ডার ব্যাটারদের নিয়ে আশাবাদী পোথাস। সিলেট টেস্টের থেকে টপ অর্ডারে একজন পরিবর্তন আসতে পারে। সাকিবের জন্য জায়গা হারাতে পারেন সাহাদাত হোসেন দিপু। বোলিং আক্রমণেও বদলের ইঙ্গিত। কন্ডিশন বিবেচনায় স্পিড স্টার নাহিদ রানার জায়গায় আসতে পারেন হাসান মাহমুদ। লঙ্কান একাদশেও পরিবর্তনের আভাস। চোটে পড়া পেসার কাসুন রাজিথার জায়গায় খেলতে পারেন আসিথা ফার্নান্দো। 

বাংলাদেশের সমতায় ফেরার মিশনে সবার চোখ সাকিবের দিকে। আগের দিনই লঙ্কানদের বিপক্ষে ‍জয়ের আত্মবিশ্বাসের কথা শুনিয়েছেন দেশসেরা অলরাউন্ডার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা