প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪ ২৩:১১ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪ ২৩:২৩ পিএম
বাংলাদেশ শক্তি দেখালে, ছেড়ে দেবেন না ধনঞ্জয়ারা— পুরোনো ছবি
সংবাদ সম্মেলনে ঘুরেফিরে এসেছিল সাকিব আল হাসান ইস্যু। ধনঞ্জয়া ডি সিলভা একবার দুবার করে মোট চারবার এড়িয়ে গেছেন প্রশ্নটি। শ্রীলঙ্কার অধিনায়কের কাছে গতকাল শুক্রবার জানতে চাওয়া হয়েছিল— সাকিব ফিরলে বাংলাদেশের শক্তি বাড়বে কি না, তাকে নিয়ে লঙ্কানদের পরিকল্পনা কতটা... একে একে চারটি প্রশ্নের উত্তর একই ছকে দিয়েছেন ধনঞ্জয়া, ‘ম্যাচের পর সব বলব।’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে শুরু হচ্ছে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। আগের ম্যাচে বড় জয় তুলে এগিয়ে আছে লঙ্কানরা। তার আগে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ধনঞ্জয়া দিয়েছেন চাঁচাছোলা সব উত্তর। সবশেষ জানিয়েছেন, বাংলাদেশ আক্রমণাত্মক হলে তারাও আক্রমণাত্মক কৌশলেই হাঁটবেন। সাদা পোশাকের লড়াইয়ে এবারও ছেড়ে কথা বলবে না শ্রীলঙ্কা।
চট্টগ্রাম টেস্টে সাকিব ফিরেছেন, টাইগারদের অন্যতম অলরাউন্ডার দলে ফিরে কেমন ভূমিকা রাখতে পারেন, প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা কতটা ভুগতে পারে— ধনঞ্জয়া শুরুতেই প্রশ্নটিকে বাউন্ডারি সীমানার বাইরে পাঠান। তার কথায় ‘এটা তো আমি এখন বলতে পারব না। ম্যাচের পর বলতে পারব।’ এরপর মিনিট দশেকের সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে আরও তিনটি প্রশ্ন শুনেছেন ধনঞ্জয়া। সব কয়টির উত্তরেও রেখেছেন ধোঁয়াশা। সাকিবকে নিয়ে লঙ্কানদের পরিকল্পনা জানতে চাইলে ধনঞ্জয়া মুখ টিপে হেসে বলেছেন, ‘আমি এখন বলতে পারব না।’
একই উত্তর দিয়েছেন স্পিন আক্রমণে শক্তি বাড়বে কি না, সেই ইস্যুতেও। সবশেষ সাকিবের ব্যাপারে কেন উত্তর দিতে চাচ্ছেন না, সেটি জানতে চাওয়া হয় লঙ্কান অধিনায়কের কাছে। এখানেও কৌশলী ধনঞ্জয়া, ‘আমার কী বলা উচিত? সে তো আমার দলের খেলোয়াড় নয়। বাংলাদেশ দলের অধিনায়ককে জিজ্ঞাসা করা উচিত আপনার।’
দীর্ঘ পাঁচ মাস পর সাকিব দলে ফেরায় টাইগার শিবিরে এসেছে ভারসাম্য। একাদশে বাড়তি স্পিনারের পাশাপাশি বাড়তি একজন ব্যাটারও পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজের প্রথম ম্যাচ হারলেও চট্টগ্রামে ফিরতে প্রত্যয়ী স্বাগতিকরা। সিরিজ রক্ষার ম্যাচে বাংলাদেশ সর্বোচ্চ আঘাত হানার চেষ্টা করবে, এটা খুব ভালোভাবেই অনুধাবন করছে শ্রীলঙ্কা। তবে তারাও প্রস্তুত। লাল বলের লড়াইয়ে বাংলাদেশ যেভাবে খেলবে তেমনই জবাব দিতে চাচ্ছেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া, ‘আমি জানি না আসলে। তারা যদি শক্তিশালী হয়ে আসে আমরাও শক্তিশালী হবে জবাব দেব, তারা শান্ত থাকলে আমরাও শান্ত থাকব।’
চাঁচাছোলা উত্তর দিতে থাকা ধনঞ্জয়া নিজের দল নিয়ে দ্বিতীয় টেস্টেও দেখছেন বড় আশা। সতীর্থ পেসারদের প্রশংসা করার পাশাপাশি সমর্থন চাচ্ছেন স্পিনারদের কাছ থেকেও। লঙ্কান অধিনায়কের আশা সিলেটের মতো চট্টগ্রামে অন্তত দলের টপ অর্ডার ভুগবে না।
লঙ্কান অধিনায়কের কথায়, ‘আসলে সবাই প্রতিদিন রান করবে না। আমার মনে হয় যদি টপ অর্ডার ভালো করতে পারে তাহলে আমার এই ম্যাচে ব্যাট করতে হবে না। আসলে টপ অর্ডার কেবল এক ম্যাচেই তো খারাপ করল। আগের ম্যাচগুলোয় তো ভালোই করেছে। তাদের ব্যাপারে আমার কোনো সংশয় নেই। উইকেট দেখে ভালো লেগেছে। ব্যাটিংয়ের জন্য ভালো মনে হয়েছে। আমাদের পেসাররাই আগের ম্যাচে ২০ উইকেট তুলেছে। আশা করছি স্পিনাররা এই ম্যাচে ভূমিকা রাখতে পারবে।’