× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসির সেরা দশে প্রথম বাংলাদেশি নাহিদা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৪ ১৯:১৭ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৪ ১৯:৩২ পিএম

আইসিসির সাপ্তাহিক হালনাগাদকৃত বোলিং র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন নাহিদা আক্তার। সংগৃহীত ছবি

আইসিসির সাপ্তাহিক হালনাগাদকৃত বোলিং র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন নাহিদা আক্তার। সংগৃহীত ছবি

ঘরের মাঠে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলছে বাংলাদেশের মেয়েরা। তবে ঐতিহাসিক এই সিরিজে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারছে না টাইগ্রেসরা। ইতোমধ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। তবে দলের এমন বাজে অবস্থায়ও ব্যক্তিগতভাবে মাইলফলক গড়েছেন তারকা স্পিনার নাহিদা আক্তার। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির বোলারদের র‌্যাঙ্কিংয়ের সেরা দশে প্রবেশ করেছেন ২৪ বছর বয়সি বাঁহাতি এই স্পিনার।

মঙ্গলবার (২৬ মার্চ) আইসিসির সাপ্তাহিক হালনাগাদকৃত বোলিং র‌্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ১৪ নম্বর থেকে ১০ নম্বরে উঠে এসেছেন নাহিদা। যা ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের নারী বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থান। এর আগে ডিসেম্বরে তিনি ১২ নম্বরে উঠে এসেছিলেন। তখনও নাহিদাই ছিলেন বাংলাদেশিদের মধ্যে শীর্ষে। মিরপুরে অজি মেয়েদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মিতব্যয়ী বোলিংয়ে ১০ ওভারে মাত্র ২৭ রান খরচায় দুই উইকেট নিয়েছিলেন নাহিদা। দ্বিতীয় ওয়ানডেতে উইকেট না পেলেও ৮ ওভারে নাহিদা মাত্র ১৯ রান দেন, পাশাপাশি দুই ওভার মেইডেনও পেয়েছেন। যার সুবাদে আইসিসির নারী ক্রিকেটারদের বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন।

র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন আরও এক বাংলাদেশি স্পিনার সুলতানা খাতুন। অজিদের বিপক্ষে চলমান সিরিজের দুই ওয়ানডেতে ৩ উইকেট শিকার করে বোলারদের রাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার এলিসা পেরির সঙ্গে যৌথভাবে ৫২তম স্থানে আছেন এই স্পিনার। তবে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বড় অবনতি হয়েছে বাংলাদেশি ওপেনার ফারজানা হক পিংকীর। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে তিনি ৫২ বলে মাত্র ৭ রান করেন। সে কারণে মেয়েদের ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৯ ধাপ পিছিয়ে ২২ নম্বরে নেমে গেছেন পিংকী। এ ছাড়া ৩১ নম্বরে থাকা টাইগ্রেস অধিনায়ক জ্যোতির অবস্থান পরিবর্তন হয়নি।

নারী ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে যথাক্রমে সবার ওপরে আছেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও অজি ব্যাটার বেথ মুনি। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে চূড়ায় আছেন দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ। বোলারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন ইংলিশ বোলার সোফি একলিস্টন। বাংলাদেশ সিরিজে দুই ম্যাচে ২ উইকেট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছেন অস্ট্রেলিয়ান পেসার মেগান শুট। ফলে দুইয়ে থাকা প্রোটিয়া পেসার মারিজান ক্যাপ তিনে নেমে গেছেন।

এ ছাড়া বাংলাদেশ সিরিজে বল-ব্যাটে ভালো করা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাশলি গার্ডনার তিন বিভাগেই উন্নতি করেছেন। ব্যাট হাতে ৫২ রান করার পাশাপাশি ৫টি উইকেট নেওয়া এই ক্রিকেটার ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ৫ ধাপ। উঠে গেছেন ১৭তম স্থানে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে পাঁচে, অলরাউন্ডারদের তালিকায় ৪ ধাপ এগিয়ে দুইয়ে আছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা