× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ার বিপক্ষে অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ১২:১৭ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৪ ১৪:০৮ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে ১১৮ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। তাই সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল টাইগ্রেসরা। কিন্তু অস্ট্রেলিয়ার মেয়েদের দুর্দান্ত বোলিংয়ে অল্পতেই গুটিয়ে গেল নিগার সুলতানা জ্যোতির দল। 

আজ রবিবার (২৪ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৪.১ ওভারে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন নাহিদা আক্তার। 


এদিন বাংলাদেশি ব্যাটারদের প্রত্যেকেই ছিলেন বিবর্ণ। এমনকি বাংলাদেশের হয়ে দুই অঙ্কের রান করতে পেরেছেন কেবল ৩ জন। ফাহিমা খাতুনের ১১, রিতু মনির ১০ ও নাহিদা আক্তার ২২ রান ছাড়া কেউ দলের হাল ধরতে পারেননি। 


ইনিংসের শুরুতে দেখেশুনে খেলছিলেন দুই ওপেনার ফারজানা হক পিংকি এবং সোবহানা মোস্তারি। প্রথম পাওয়ারপ্লেতে এসেছিল মাত্র ১৭ রান। হারাতে হয়েছে সোবহানার উইকেট। আগের ম্যাচে ডাক মেরে বিদায় নেওয়া পিংকি এদিন ছিলেন আরও ধীরগতির। ১৫তম ওভারে সোফি মলিনিউয়ের বলে যখন আউট হয়েছেন, তখন ৫২ বলে করেছেন মোটে ৭ রান। 


এরপরের দুই ওভারে বাংলাদেশ হারিয়েছে আরও দুই উইকেট। মুরশিদা আউট হয়েছেন অ্যাশলি গার্ডনারের বলে। ক্যাচ নিয়েছেন সোফি। পরের ওভারে লেগ বিফোর হয়েছেন দলের সবচেয়ে বর ভরসা অধিনায়ক জ্যোতি। ৫ বলে ১ রান করে থামে তার ইনিংস।


ফাহিমা খাতুন এবং রিতু মণি এরপর গড়েছেন ২৭ রানের জুটি। দলীয় স্কোর ৫০ ছাড়ায় তাদের ১০ রানের দুই ইনিংসের কল্যাণে। পরপর দুই ওভারে আউট হয়েছেন তারাও। দুজনেই উইকেট দিয়ে এসেছেন উড়িয়ে খেলতে গিয়ে। রিতুর উইকেট পেয়েছেন সোফি। আর ফাহিমার উইকেট গিয়েছে জর্জিয়া ওয়্যারহ্যামের ঝুলিতে। 


স্বর্ণা খেলেছেন ১৯ বলে ২ রানের আরেকটি ধীরগতির ইনিংস। ৫৬ রানে পতন ঘটে ৭ম উইকেটের। রাবেয়া খান ফিরেছেন দলীয় ৬১ রানে। সুলতানার ইনিংসটাও ছিল এক অর্থে সংগ্রামের। উইকেটে এসে ২৩ বলে করেছেন ৫ রান। দলের সর্বোচ্চ স্কোরার নাহিদা আক্তার। শেষে এসে ২২ রানের ইনিংস দিয়ে দলের স্কোর টেনে নিয়েছেন ১০৫ পর্যন্ত। 


অজিদের পক্ষে ১০ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন সোফি মলিনিউ। ২ উইকেট পেয়েছেন অ্যাশলি গার্ডনার, অ্যালানা কিং এবং জর্জিয়া ওয়্যারহ্যাম। একটি উইকেট মেগান শ্যুটের। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা