প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪ ২১:৩২ পিএম
প্রথম দিন শেষে নিজেদের এগিয়ে রাখছেন কামিন্দু মেন্ডিস; প্রবা ছবি
সিলেট টেস্টে শুরুটা স্বপ্নের মতো হয়েছিল
বাংলাদেশের। মাত্র ৫৭ রানের মধ্যে ৫ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে অল্পতেই গুটিয়ে দেওয়ার
স্বপ্নও দেখছিলেন নাজমুল হোসেন শান্তরা। কিন্তু সেই স্বপ্ন শেষ করে দিয়েছেন কামিন্দু
মেন্ডিস ও ধনঞ্জয়া সিলভা। তাদের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে লঙ্কানরা পান ২৮০ রানের
পুঁজি। জবাবে শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে ৩২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে স্বাগতিক
বাংলাদেশই। লঙ্কান অলরাউন্ডার কামিন্দু মেন্ডিসও মনে করছেন, ম্যাচে এগিয়ে আছে তার দল।
শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক
ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে কামিন্দু জানানÑ ‘হ্যাঁ,
আমি মনে করি আমরা এগিয়ে আছি। যদি আমরা ১-২টি উইকেট কাল (আজ) সকালে নিয়ে নিতে পারি তাহলে
আমরা আরও ভালো অবস্থানে থাকব।’ উইকেট সম্পর্কে কামিন্দুর মূল্যায়ন, ‘এটা পেসারদের জন্য
ভালো উইকেট। স্বাগতিকরা শুরুতেই নিয়েছে ৫ উইকেট। আবার ব্যাটিংয়ে নেমেও ৩০ রানের মধ্যে
৩ উইকেট হারিয়েছে তারা। যদি আমরা সকালে আরও কয়েকটি উইকেট তুলে নিতে পারি তাহলে আরও
এগিয়ে যেতে পারব।’
ব্যাট হাতে ক্রিজে এসেই শরিফুলের প্রথম
বলেই ক্যাচ দিয়েছিলেন কামিন্দু । কিন্তু স্লিপে দাঁড়ানো মাহমুদুল হাসান জয় তা তালুবন্দি
করতে পারেননি। শূন্য রানে জীবন পেয়ে হাঁকান দুর্দান্ত সেঞ্চুরি। তার সঙ্গী ধনঞ্জয়া
ডি সিলভাও করেছেন শতক। ষষ্ঠ উইকেটে এ দুজনের জুটি থেকে আসে ২০২ রান। চাপের মধ্যে ধনঞ্জয়ার
সঙ্গে লম্বা সময় ব্যাটিং করার পরিকল্পনা সাজিয়েছিলেন জানিয়ে কামিন্দু বলেন, ‘আসলে এমন
কঠিন ট্র্যাকে ৫৭ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে আমরা চাপে ছিলাম। আমাদের কথা হচ্ছিল লম্বা
সময় ধরে ব্যাটিং করার। আমরা আলোচনা করছিলাম যে আমাদের সেট হয়ে এরপর বড় ইনিংস খেলতে
হবে। আমরা সেটাই করেছি।’
যোগ করেন, ‘মাঝে মাঝে টেস্ট ক্রিকেটে
আপনি ৫০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলতে পারেন। তাছাড়া তাদের পেসাররা বেশ ভালো বোলিং করেছে,
উইকেটও তাদের সাহায্য করেছে, সঙ্গে কন্ডিশনও।’ বাংলাদেশের পেসারদের প্রশংসা করেছেন
তিনি, ‘স্বাগতিক পেসাররা অনেক শর্ট বল করছিল। বাউন্ডারিও অত বড় ছিল না। তাই চার-ছয়
মারার সুযোগ ছিল। তাদের পেসাররা ভালো বল করেছে। তবে মাঝেমধ্যে কিছু বাজে বলও করেছে।
আমরা চেষ্টা করেছিলাম ইতিবাচক থাকতে এবং সেগুলো কাজে লাগাতে।’
ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ম্যাচে এভারেস্টসম চাপের মধ্যে ব্যাট করতে নেমে এমন সেঞ্চুরি করা প্রসঙ্গে কামিন্দু বলেন, ‘আমি দারুণ খুশি। এটি আমার দ্বিতীয় টেস্ট ম্যাচ। আমি খুব ভালোভাবেই জানি টেস্ট দলে সুযোগ পাওয়াটা কতটা কঠিন। এখানে আসার জন্য গত কয়েক বছরে আমি অনেক পরিশ্রম করেছি। আরও কিছুক্ষণ ব্যাট করতে পারলে ইনিংস আরও বড় করতে পারতাম। তবুও নিজের পারফরম্যান্সে আমি খুব খুশি।’
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৬৮ ওভারে
২৮০/১০ (নিশান ২, দিমুথ ১৭, কুশল ১৬, ম্যাথুস ৫, চান্দিমাল ৯, ধনঞ্জয় ১০২, কামিন্দু
১০২, প্রভাত ১, রাজিথা ৬*, ফার্নান্দো ৯, কুমারা ০; শরিফুল ১৪-০-৫৯-১, খালেদ ১৭-২-৭২-৩,
নাহিদ ১৪-২-৮৭-৩, তাইজুল ১৩-৬-৩১-১, মিরাজ ১০-১-২৫-০)
বাংলাদেশ প্রথম ইনিংস: ১০ ওভারে ৩২/৩ (মাহমুদুল হাসান জয় ৯*, জাকির হাসান ৯, নাজমুল হোসেন ৫, মুমিনুল হক ৫, তাইজুল ইসলাম ০*; বিশ্ব ফার্নান্দো ২/৯, কুসান রাজিথা ১/২০)