× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএল টিম প্রিভিউ

রাজস্থানের শিরোপা খরা কাটানোর মিশন

রুবেল রেহান

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ১৩:০০ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৪ ১১:৩৪ এএম

শিরোপা খরা কাটাতে পারবে রাজস্থান। ফটো কোলাজ

শিরোপা খরা কাটাতে পারবে রাজস্থান। ফটো কোলাজ

দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আরেকটি আসর। আগামী ২২ মার্চ শুক্রবার থেকে শুরু হচ্ছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এ টুর্নামেন্ট। ৯৪ ম্যাচের বিরাট এ মহাযজ্ঞে রয়েছে ১০টি ফ্রাঞ্চাইজি। সবগুলো দলের হালচাল, শক্তিমত্তা, দুর্বলতা, নানা বিষয় নিয়ে প্রতিদিনের বাংলাদেশের ধারাবাহিক দল পর্যালোচনায় এ পর্বে  থাকছে রাজস্থান রয়্যালস।

দীর্ঘ ১৬ বছর পেরিয়ে ১৭তম বছরে আইপিএল। নতুন মৌসুম শুরুর আগে শুরু থেকেই শুরু করা যাক। ২০০৮ সালে উদ্বোধনী মৌসুমে চেন্নাই সুপার কিংসের হৃদয় ভেঙে সেবার শিরোপা উল্লাস করেছিল রাজস্থান রয়্যালস। পেছনের সেই স্মৃতিতে তাকালে চোখে আসবে ইউসুফ পাঠান, সোহেল তানভীর, শেন ওয়াটসন এবং কিংবদন্তি শেন ওয়ার্নকে। কয়েক বছর আগে পরলোক গমন করা এই অজি ক্রিকেটারের হাত ধরেই সেবার শিরোপা বাগিয়ে নিয়েছিল উত্তর প্রদেশের দলটি। কিন্তু শুরুর সেই সুখস্মৃতিতে ধুলা জমেছে বেশ। এরপর থেকে আর কখনও আইপিএল ট্রফি জেতার স্বাদ পায়নি তারা। রাজস্থান এবার কী পারবে শোকেসে আরেকটি শিরোপা তুলতে?

প্রথম মৌসুমের পর শিরোপা খুব কাছাকাছি গিয়েছিল ২০২২ সালে। কিন্তু নব্য গুজরাট টাইটান্সের কাছে হেরে যান সানজু স্যামসন, জস বাটলাররা। গেল মৌসুমে তো শেষ চারেই থাকতে পারেনি দলটি। টুর্নামেন্ট শেষ করে সেরা পাঁচে থেকে। তবে এবার দুর্দান্ত দল গড়েছে রাজস্থান। দলে আছে ফর্মে থাকা যশস্বি জয়সওয়াল। বোধকরি নিকট অতীতে ভারতীয় ক্রিকেটে অনেক বেশি চর্চা হয়েছে তরুণ এ ব্যাটারকে নিয়ে। সব ফরম্যাটেই দারুণভাবে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে তার। ২০২৩ আইপিএলে ৪৮ দশমিক ০৮ গড়ে জয়সওয়ালের ব্যাট থেকে আসে ৬২৫ রান। যেখানে স্ট্রাইকরেট ছিল ১৬৩ দশমিক ৬১। ছিল ৫ সেঞ্চুরির সঙ্গে একটি শতরানের ইনিংস। 

নিজেদের উদ্বোধনী ম্যাচটি রাজস্থান খেলবে টুর্নামেন্ট শুরুর দুই দিন পর। ২৪ মার্চ তাদের প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্ট। নতুন মৌসুমটা রাজস্থানের জন্য স্বস্তির হতে পারে, কেননা দলে কোনো ইনজুরির হানা নেই। 

বড় তারকা

রাজস্থানের বড় তারকা নিঃসন্দেহে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম বড় তারকাও তিনি। ক্যাপ্টেন, ব্যাটার এবং উইকেটরক্ষক স্যামসন রয়্যালসের তারকা খেলোয়াড়। কয়েকবছর ধরেই দলের নেতৃত্ব দেওয়া অভিজ্ঞ স্যামসন এ বছর আরও অভিজ্ঞ। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দলের জয়ে কার্যকরী ভূমিকা রাখতে পারেন তিনি। খেলেছেন অনেক ম্যাচজয়ী ইনিংস।  

শক্তিমত্তা

রাজস্থানের শক্তির জায়গা হতে পারে তাদের ব্যাটিং। ওপেনিং থেকে শুরু করে সেরা ছয়ে থাকা ব্যাটারদের প্রায় প্রত্যেকের ব্যাটিং স্ট্রাইকরেট ১৫০ এর ওপরে। নতুন মৌসুমে বাটলারের সঙ্গে জয়সওয়ালের ওপেনিং জুটি দারুণ কিছু হবে বলেই ধারণা করছেন ক্রিকেট বিশ্লেষকরা। এরপর তিনে ব্যাট করবেন স্যামসন। টি-টোয়েন্টি ক্রিকেটে নম্বর তিনে ব্যাট করার জন্য আদর্শ চয়েজ তিনি। চারে থাকতে পারেন রোভমান পাওয়েল। বিগ হিটিংয়ের জন্য দারুণ একজন ক্রিকেটার এ ক্যারিবিয়ান। 

শক্তিমত্তা তাদের বোলিং বিভাগও, যেখানে বৈচিত্র্য আছে বেশ। অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট, অ্যাডাম জাম্পা এবং যুজবেন্দ্র চাহালরা আছেন। তাদের সঙ্গে তরুণ আভিশ খান, নবদ্বীপ সাইনিরা নজর কাড়তে পারেন। 

দুর্বলতা

রাজস্থানের দুর্বলতা নিয়ে কথা বলতে গেলে অবশ্যই আসবে তাদের অলরাউন্ডার বিভাগ। শর্টার ফরম্যাটের ক্রিকেটে অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন ব্যাটিং এবং বোলিং করতে পারা ক্রিকেটাররা। শেষ দিকের নম্বর সাতে এবং আটের জন্য অধিকাংশ দলগুলোই অলরাউন্ডার খোজেন। এইখানে একজন অলরাউন্ডারের অভাববোধ করতে পারে সাবেক চ্যাম্পিয়নরা। 

রাজস্থান রয়্যালস দল

ব্যাটার : সানজু স্যামসন, জস বাটলার, শুভম দুবে, শিমরন হেটমায়ার, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, টম কোহলার ক্যাডমোর, রিয়ান পরাগ, রোভমান পাওয়েল, কুনাল সিং রাঠোর।

অলরাউন্ডার : আবিদ মুশতাক, রবিচন্দ্রন অশ্বিন, দোনভান ফেরেইরা।

বোলার : আভেশ খান, নান্দ্রে বার্গার, নবদ্বীপ সাইনি, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, সন্দ্বীপ শর্মা, অ্যাডাম জাম্পা, প্রসিধ কৃষ্ণা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা