ডিপিএল ২০২৪
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪ ১৬:১০ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৪ ১৭:০২ পিএম
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরে টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। আসরের প্রথম ম্যাচে রুপগঞ্জ টাইগার্সকে ৩ উইকেটে হারিয়েছিল মেহেদি মারুফের নেতৃত্বাধীন দলটি।
আজ শুক্রবার (১৫ মার্চ) বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি, জয়নুল ইসলাম এবং রুয়েল মিয়াদের অসাধারণ বোলিংয়ে ৩৮.৫ ওভারে মাত্র ১৩০ রানে অলআউট হয়ে যায় পারটেক্স স্পোর্টিং ক্লাব। জবাব দিতে নেমে অধিনায়ক মারুফের দায়িত্বশীল ফিফটিতে ৩২.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় গাজী।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই শূন্য হাতে সাজঘরে ফেরেন পারটেক্সের দুই ওপেনার। তিনে নেমে আজমির আহমেদ ৪২ বলে ৩২ রান করেন। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শতকের আগেই গুঁটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল তারা। মাত্র ৬৯ রানে আট উইকেট হারানো দলটিকে পথ দেখান রাজিবুল ইসলাম এবং মোহর শেখ। ৫৫ বলে ৩২ রান করেন রাজিবুল, ৪২ বলে ৩০ রানে অপরাজিত থাকেন মোহর শেখ।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে গাজীর ক্রিকেটাররাও। হাবিবুর রহমান ১৩, পিনাক ঘোষ ১৩, আনিসুল ইসলাম ৬, আল-আমিন জুনিয়র ১৬ ও প্রীতম কুমার ১৫ করে বিদায় নেন। তবে সতীর্থদের আসা যাওয়ার মধ্যে দিয়ে গাজীকে জয়ের বন্দরে পৌঁছে দেন মেহেদী মারুফ। ৯৪ বলে ছয়টি চারে ৫৯ রান আসে গাজীর অধিনায়কের ব্যাটে।
সংক্ষিপ্ত স্কোর
পারটেক্স স্পোর্টিং ক্লাব: ৩৮.৫ ওভারে ১৩০/১০ (আজমির আহমেদ ৩২, রাজিবুল ইসলাম ৩২, মোহর শেখ ৩০*; মাহফুজুর রহমান রাব্বি ২৫/৪, জয়নুল ইসলাম ৪৩/৩ এবং রুয়েল মিয়া ১৪/২)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩২.১ ওভারে ১৩৩/৫ (মেহেদী মারুফ ৫৯*, আল-আমিন জুনিয়র ১৬ ও প্রীতম কুমার ১৫; তোফায়েল আহমেদ ৩৯/৩, রাকিবুল আতিক ৩৩/১, রাজিবুল ইসলাম ২৫/১)
ফল: ৫ উইকেটে জয়ী গাজী গ্রুপ ক্রিকেটার্স
ম্যাচসেরা: মাহফুজুর রহমান রাব্বি।