প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৪ ২০:০০ পিএম
ওয়ানডেতে বাংলাদেশকে এগিয়ে রাখছেন সিলভারউড— সংগৃহীত ছবি
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই যেন তর্ক, বিতর্ক, উত্তেজনা আর উৎকণ্ঠা। ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউট করে পুরো দুনিয়াতেই কাঁপুনি ধরিয়ে দেন সাকিব আল হাসান। সময়ের পরিক্রমায় সে বিতর্ক এখন অতীতই। তবু এখনও ঘটনাটি ভুলতে পারছে না শ্রীলঙ্কানরা। বাংলাদেশিরাও কম যান না। সুযোগ পেলেই আঙুলে হাত রেখে উদযাপন করেন ‘টাইমড আউটের’। নাগিন ড্যান্স থেকে টাইমড আউট— লঙ্কানদের বিপক্ষে টাইগারদের এই দ্বৈরথ পছন্দ ক্রিস সিলভারউডের। হাসারাঙ্গাদের ইংলিশ কোচের মতে, প্রতিদ্বন্দ্বিতা প্রয়োজন।
লঙ্কানদের সঙ্গে টাইগারদের তর্কযুদ্ধের দেখা ২০০৫ সালের দ্বীপ রাষ্ট্র সফরে। ২০০৬ সালে ঢাকা সফরেও ছিল একই দৃশ্য। সেই ধারা এখন বেশ প্রকট। দুদলের মাঠের লড়াই মানেই বাড়তি উন্মাদনা। এসব কিছুকে ক্রিকেটের জন্য ভালো মনে করেন সিলভারউড।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে ইংলিশ কোচ বলেন, ‘এই দ্বৈরথ অবশ্যই খুব ভালো। আমাদের ভালো প্রতিদ্বন্দ্বিতা প্রয়োজন এবং টি-টোয়েন্টিতে আমরা দুটি ভালো দলের লড়াই-ই দেখেছি। এই সিরিজেও (ওয়ানডে) ঠিক সেটাই চাইব। আমরা চাই কিছু ভালো ক্রিকেট খেলা হোক এবং আমার মনে হয় দুই দলই তা চায়।’
সিলেটে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে আসা সিলভারউড চট্টগ্রামে নিজেদের এগিয়ে রাখছেন না। বাংলাদেশকে পঞ্চাশ ওভারের ক্রিকেটে সেরা স্বীকৃতি দিয়ে সিলভারউড বলেছেন, ‘নিজেদের প্রস্তুতিটা ভালো করার ব্যাপারে নিশ্চিত হতে হবে আমাদের, যেটা আমরা আগেও করেছি। আমাদের সেই ছন্দটা ধরে রাখার চেষ্টা করতে হবে। সম্প্রতি আমরা কিছু ভালো রান করেছি, ওটাই করে যাওয়ার চেষ্টা করতে হবে। ব্যক্তিগতভাবে অনেকের ভালো অবদান আছে। আমরা চাইব আরও বেশি খেলোয়াড় বড় স্কোর করুক।’
অথচ কোচ ক্রিস সিলভারউড গতকাল বিকাল পর্যন্ত জানতেনই না দলে কারা কারা আছেন! সংবাদ সম্মেলনে এ নিয়ে জিজ্ঞাসা করলে একটু বিব্রতই হন শ্রীলঙ্কার কোচ, ‘আমার আসলে কোনো ধারণা নেই বিষয়টা নিয়ে। প্রেস রিলিজ দেওয়া তো আমার কাজ নয়। দুর্ভাগ্যজনকভাবে প্রশ্নটার উত্তরও তা-ই দিতে পারছি না।’
সিলভারউডের সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণ পর দল দেয় শ্রীলঙ্কা। লঙ্কানদের ১৬ সদস্যের দলে আছেন কামিন্দু মেন্ডিস ও লাহিরু কুমারা। তবে টি-টোয়েন্টি সিরিজে পেস বোলিং দিয়ে রহস্য ধরিয়ে দেওয়া নুয়ান তুষারা নেই ওয়ানডে দলে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট দেখে এবং মাঠের কিউরেটরের সঙ্গে কথা বলে অবশ্য সিলভারউড আশাবাদী উইকেট ভালোই হবে, ‘উইকেট ভালো দেখাচ্ছে, সবুজ আভা আছে। আগের দিন যা দেখে গেছি, তার থেকে যদি আজ এটি কিছুটা পরিবর্তনও হয়, তবু আমার মনে হয় উইকেট ভালোই হবে।’