প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ০২:৩৮ এএম
সুরভী আকন্দ প্রীতি
ফেব্রুয়ারিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন মোসাম্মৎ সাগরিকা। মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়িয়ে বাংলাদেশকে ভারতের সঙ্গে এনে দেন সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা। চার গোল করে ভারতের পূজা ও শিবানী দেবীর সঙ্গে যৌথভাবে জেতেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। দুর্দান্ত পারফরম্যান্সে সাফ ফুটবল তথা বাংলাদেশের নারী ফুটবলে হইচই ফেলে দিয়েছিলেন সাগরিকা।
এবার সাগরিকার পথে হেঁটে চলেছেন সুরভী আকন্দ প্রীতি। মাঠের লড়াইয়ে উপহার দিয়ে চলেন দুর্দান্ত পারফরম্যান্স। নেপাল, ভারত ও ভুটানের বিপক্ষে টানা তিন জয়ে অপরাজিত বাংলাদেশকে তুলে দিয়েছেন সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এই তিন ম্যাচেই জালের দেখা পেয়েছেন সুরভী।
প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে জোড়া গোল পেয়েছিলেন সুরভী। ভারতের বিরুদ্ধেও পান এক গোল। আর গতকাল ভুটানের জালে গোল উৎসবের ম্যাচেও ডাবল গোল উপহার দিয়েছেন সুরভী। তার ঝলকেই বাংলাদেশ ৬-০ গোলে ধসিয়ে দিয়েছে ভুটানকে।
টুর্নামেন্টের লিগ পর্ব শেষে সুরভীর নামের পাশে যোগ হয়েছে ৫টি দুরন্ত গোল। সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সবার ওপরেই আছেন তিনি। টপ স্কোরারের পুরস্কার জয়ের আভাস দিয়ে রাখলেন সুরভী। সঙ্গে বড় বার্তা দিলেন সাগরিকার মতো দেশের ভবিষ্যৎ তারকা হয়ে উঠার। তবে চারটি করে গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে আছেন আনুশকা কুমারী ও পার্ল ফার্নান্দেস।
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা বাংলাদেশের মেয়েদের ভাগাভাগি করতে হয়েছে প্রতিবেশি ভারতের সঙ্গে। সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালেও লাল-সবুজের প্রতিনিধিদের মাঠের 'শত্রু' সেই ভারত। কিন্তু এবার আর শিরোপার ভাগ ছাড়তে নারাজ অর্পিতা বিশ্বাসরা। এককভাবে চ্যাম্পিয়ন হওয়াই এখন লক্ষ্য বাংলাদেশের মেয়েদের। সেটা যে করেই হোক।