× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ

আজ ভারতকে হারালেই ফাইনালের টিকিট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ১১:০৪ এএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ১১:২৫ এএম

আজ ভারতকে হারালেই ফাইনালের টিকিট

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে হারায় সাইফুল বারী টিটুর দল। তবে বাংলাদেশের সামনে এবার কঠিন প্রতিপক্ষ। ভুটানকে বড় ব্যবধানে উড়িয়ে দেওয়া ভারতকে মোকাবিলা করবে জুনিয়ার বাঘিনীরা। যদিও বাংলাদেশ ভুটান নয়, জয়ের ব্যাপারে দারুণভাবে আত্মবিশ্বাসী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কোচ সাইফুল বারী। সেই সঙ্গে প্রতিবেশী দেশটিকে সমীহ করছেন তিনি। 

কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে মঙ্গলবার বেলা ৩টায় মুখোমুখি হবে দুই দল। ভুটানকে ৭-০ গোলে উড়িয়ে আসরে দাপুটে শুরু পেয়েছে ভারত। স্বাগতিক নেপালের বিপক্ষে ২-০ ব্যবধানের স্বস্তির জয় পায় বাংলাদেশও। আজ দুই দলের জন্য ম্যাচটি সেই অর্থে সেমিফাইনাল। যে দল জিতবে তারাই পাবে ফাইনালের টিকিট। রাউন্ড রবিন লিগের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনাল। সেই হিসাবে একটি করে ম্যাচ জিতে শিরোপা লড়াইয়ের পথে এক পা বাড়িয়ে রেখেছে বাংলাদেশ ও ভারত। আজকের ম্যাচটি তাই দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ।

নেপালে অনুশীলনে বাংলাদেশের মেয়েরা। ছবি : বাফুফে

গেল মাসে অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল এ দুই দল। রবিন লিগে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ফাইনালেও দেখা হয়েছিল দুই দলের। সেখানে নির্ধারিত সময়ে ও টাইব্রেকারের খেলা সমতায় শেষ হয়। এরপর অনেক নাটকীয়তার অবসান হয় যৌথ চ্যাম্পিয়ন ঘোষণার মধ্য দিয়ে। নেপালের এই প্রতিযোগিতায়ও অনেকের ধারণাÑ বাংলাদেশ ও ভারত ফের ফাইনালে মুখোমুখি হবে। সাইফুল বারী তাই এই ম্যাচে নিজেদের এবং প্রতিপক্ষের শক্তি, দুর্বলতাগুলো দেখে নিতে চান, ‘কালকের (আজ) ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এ মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি, আমরা কোন মানের দল, সেটাই কাল বোঝা যাবে। কেননা, ভারত ভালো দল। আরেকটা বিষয়, ওদের শক্তির দিক, দুর্বল দিক এবং আমরা কোন কোন জায়গায় ওদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি, কোথায় পারছি না, এটাও বোঝা যাবে।’

প্রথম ম্যাচে জয়ের নায়ক সুরভী আকন্দ প্রীতি। ছবি : ছবি : বাফুফে

বাংলাদেশকে মোকাবিলার আগে ভুটানকে বড় ব্যবধানে হারিয়ে আগাম বার্তা দিয়ে রেখেছে ভারত। সেটা লাল-সবুজ প্রতিনিধিদের জন্য হুমকি কি না, এ প্রসঙ্গে সাইফুল বারী বলেছেন, ‘ভারতের আক্রমণভাগ ভুটানের বিপক্ষে খুবই ভালো খেলেছে। কিন্তু আমরা তো ভুটান নই, তো আমরা কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, এ বিষয়টা তো থাকবেই… অবশ্যই এই ম্যাচটা আমি ইন্টারেস্টিং ম্যাচ হিসেবে দেখতে চাচ্ছি। যদি আমরা ধরে নিই, এই দুইটা দল (বাংলাদেশ ও ভারত) ফাইনাল খেলবে, সে হিসেবে এ ম্যাচটিকে তো ড্রেস রিহার্সেল বলাই যায়।’

নেপালে অনুশীলনে বাংলাদেশ দল। ছবি : বাফুফে

নেপাল ম্যাচে জোড়া গোল করা সুরভী আকন্দ প্রীতি পুরো সময় খেলতে পারেননি। হালকা ব্যথা আছে এই ফরোয়ার্ডের পায়ে। ভারতের বিপক্ষে ম্যাচে প্রীতিকে খেলানো নিয়ে টিটু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ম্যাচের আগে, ‘গত ম্যাচে দুই গোল করার পর প্রীতি উঠে গিয়েছিল। ও বলছে ওর পায়ে একটু ব্যথা আছে, কিন্তু সে খেলতে চাচ্ছে (ভারত ম্যাচে)। আমি মনে করি প্রীতির বিষয়টি সতর্কভাবে দেখতে হবে আমাদের। দেখতে হবে ওকে কতটুকু খেলানো যাবে। আবার যদি একেবারে না খেলাই, তাহলে সেটা ওর মনের ওপর কতটুকু প্রভাব ফেলবে, এই বিষয়গুলো মাথায় রেখে সিদ্ধান্ত নেব। বাকিটা ঠিক আছে। এর বাইরে যাকেই মাঠে নামাব, সে যেন পারফর্ম করে। কেননা এটাই একটা ভালো দলের পরিচয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা