প্রবা প্রতিবেদক, সিলেট থেকে
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪ ১৮:২৭ পিএম
নতুনের শুরুতে শান্ত উড়িয়েছেন স্বপ্নের ফানুস ছবি: বিসিবি
টস জয়ের স্বাদ আগেও পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশকে দিয়েছেন নেতৃত্ব, চওড়া কাঁধে সামলেছেন তিন ফরম্যাটের দায়িত্ব। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে আজকের ম্যাচের টসটি বিশেষভাবে মনে রাখতে চাইবেন টাইগার ব্যাটার। এখন আর অন্তবর্তীকালীন নয়, আনুষ্ঠানিকভাবে ঘোষিত বাংলাদেশের দলনেতা শান্ত। দায়িত্ব পাওয়ার তিন সপ্তাহ পেরোলেও সিলেট থেকেই শুরু শান্তর পথচলা।
নিয়মিত অধিনায়কের অনুপস্থিতে ত্রাতা হিসেবে দলকে বেশ কয়েকবার নেতৃত্ব দিয়েছেন শান্ত। তিন সংস্করণে ভারপ্রাপ্ত হিসেবে এর আগে ৬টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ৬ ম্যাচের মধ্যে একটিতে জিতেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে এসেছে ঐত্যিহাসিক সেই জয়টি। এছাড়া দুটি টেস্টে তার অধীনে একটি টেস্টও জিতেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতেও ৩ ম্যাচ নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে একটিতে জিতিয়েছেন। সাকিব আল হাসানের চোটে গেল ওয়ানডে বিশ্বকাপেও সামলেছেন নেতৃত্বের গুরুদায়িত্ব। ভিন্ন কারণে আগের দলকে নেতৃত্ব দিতে হলেও এবার প্রেক্ষাপট ভিন্ন। লম্বা সময়ের জন্যই দায়িত্ব পেয়েছেন শান্ত।
তিন সংস্করণে অধিনায়ক হিসেবে শান্ত যুগে পা ফেলা বাংলাদেশও আশাবাদী তিনি ভালো করবেন। শান্ত নিজেও রেখেছেন প্রত্যয়, দিয়েছেন দারুণ কিছু দেওয়ার কথা, ‘ওয়ানডে তো ভালো করছি। তবে দল হিসেবে বড় কোনো টুর্নামেন্টে পারিনি। এই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব যে আমরা কীভাবে বড় টুর্নামেন্টে ভালো করতে পারি বা দেশের জন্য একটা ট্রফি নিয়ে আসতে পারি।
গত বছর তিন ফরম্যাটে ৪২ ম্যাচে ৪৪ ইনিংসে শান্তর রান ১৬৫০। বাংলাদেশের কোনো ব্যাটসম্যান এখন পর্যন্ত এক বছরে পাঁচ সেঞ্চুরি করেননি। শান্ত আগের সব রেকর্ড ভেঙে হাঁকান পাঁচ সেঞ্চুরি। তার নামের পাশে আছে ৯ ফিফটি ছোঁয়া ইনিংস। ব্যাটিং গড়ও চমকপ্রদ, ৪২.৩০। শান্তর নেতৃত্বে ভেঙেছে কিউই শিবিরে ওয়ানডে ও টি-টোয়েন্টি হারের বৃত্ত। সিলেট ছাপিয়ে শান্তর নেতৃত্বেই ভাঙুক বাংলাদেশের যত না পাওয়া। সেই আশা বাংলাদেশের দর্শক-সমর্থকদের দীপ্ত কণ্ঠে দেখিয়েছেন শান্ত।