× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘অবশ্যই শ্রীলঙ্কা ফেভারিট’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪ ২৩:৪০ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৪ ০৯:৫৫ এএম

শ্রীলঙ্কান কোচ ক্রিস সিলভারউড

শ্রীলঙ্কান কোচ ক্রিস সিলভারউড

অতীত নিয়ে অনেকেই ঘাঁটাঘাঁটি করতে চান না। এমনটা করতে চান না ক্রিস সিলভারউডও। বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বৈরথে আগে যা কিছু ঘটেছে, তা কেবল তার কাছে অতীতের বিষয়। এ নিয়ে লঙ্কান কোচের কোনো মাথাব্যথাই নেই। এ নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার পক্ষেও নন সিলভারউড। তার মতে, যা চলে গেছে, তা নিয়ে এখন ভাবনার কোনো মানেই হয় না। তবে এ ক্রিকেট গুরুর প্রত্যাশা এখন একটাই, সিরিজটা যেন হয় জমজমাট।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই মাঠে থাকবে বাড়তি উন্মাদনা। যে উত্তাপটা ছড়িয়ে পড়ার শুরু ২০১৮ সালে নিদাহাস ট্রফির মধ্য দিয়ে। ভারতের মাটিতে হওয়া সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউট নিয়েও মাঠের লড়াইয়ে ছিল উত্তেজনার আমেজ। আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। স্বাভাবিকভাবেই দুদলের ম্যাচ বাড়তি ঝাঁজ তো থাকবেই। তাই তো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রবিবার সংবাদ সম্মেলনে সিলভারউড মুখোমুখি হলেন দুদলের দ্বৈরথ নিয়ে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ নিয়ে মাথা না ঘামিয়ে সিলভারউড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই উপহার দিতে চান। এ নিয়ে তার ভাষ্য, ‘শুনুন, প্রথম কথা হচ্ছে আমি আশা করছি দুটি ভালো দলের মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সিরিজ হবে। অতীতে কী হয়েছে, আমার কাছে তা ইতিহাস। আমাদের দিক থেকে দেখলে, সামনে যা আছে তার দিকেই মনোযোগ দিতে হবে।’

বিশ্বকাপ প্রস্তুতি এই সিরিজের মধ্য দিয়েই সারতে চায় শ্রীলঙ্কা। সেই লক্ষ্যের কথা মনে করিয়ে দিলেন সিলভারউড, ‘আমরা বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে দাঁড়িয়ে। আমার ধারণা সবাই এখন তাদের দল চূড়ান্ত করে ফেলছে, দলের সদস্যদের অভিজ্ঞতার সুযোগ করে দিচ্ছে। ফলে দিন শেষে সেটিই। আমরা বিশ্বকাপের প্রস্তুতিতে আছি। তার আগে এমন একটা ভালো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা দারুণ। ফলে রোমাঞ্চকর একটা সিরিজ প্রত্যাশা করছি।’

সিলভারউড সঙ্গে যোগ করেন, ‘দুই দলেই বিপজ্জনক কিছু খেলোয়াড় আছে। ফলে আমার মনে হয় ভালো হবে। তবে যেমনটি বললাম, অতীতে যা ঘটেছে তা ইতিহাস। সামনে কী, সেটিই ব্যাপার।’

শ্রীলঙ্কার সঙ্গে ১৩টি টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৪টিতে। এ সংস্করণে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছে ২০২২ সালে। এশিয়া কাপে শ্রীলঙ্কা জয় পেয়েছিল ২ উইকেটে। তবে ঘরের মাঠে বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড কিন্তু দুর্দান্ত। সর্বশেষ খেলা তিনটি সিরিজেই জয় পেয়েছে টাইগাররা। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও হতাশ করেছে দেশের ছেলেরা। তার মানে পরিসংখ্যান বাংলাদেশের হয়ে কথা বলছে। কিন্তু তারপরও সিলভারউড অবশ্য নিজের দলকেই এগিয়ে রাখছেন। ফেভারিট মানছেন লঙ্কানদেরই, ‘অবশ্যই আমি বলব শ্রীলঙ্কাই ফেভারিট হতে যাচ্ছে। তবে দেখুন, যেমনটি আগেই বললাম, দুটি দারুণ দলই জয়ের জোর চেষ্টা করবে। কারণ আমরা সবাই বিশ্বকাপের প্রস্তুতিতে, ফলে যাতে শীর্ষ মানের ক্রিকেট খেলি সেটি নিশ্চিত করার শুরুটা করতে চাই।’

দুই ম্যাচ নিষিদ্ধ ওয়ানিন্দু হাসারাঙ্গা খেলবেন শুধু সিরিজের শেষ ম্যাচে। চোটের জন্য দর্শক ফর্মে থাকা ব্যাটার পাথুম নিশাঙ্কা। দুজনের অনুপস্থিতিতে অন্যদের মেলে ধরার সুযোগ দেখছেন সিলভারউড, ‘বিশ্বকাপের আগে এটা সুযোগ, অন্যদের ভালো সময় কাটানোর জন্য। আমরা এভাবেই দেখছি।’

বিপিএলের ফাইনাল উপভোগ করেছেন সিলভারউড। সিলেটেও তেমন উইকেটই আশা করছেন তিনি, ‘এখানে সবুজ ঘাস আছে, তবে আমি নিশ্চিত বল ক্যারি করবে। যেটি দারুণ। সাবেক ফাস্ট বোলার হিসেবে কিপারের কাছে বল ক্যারি করছে, এটা দেখা উপভোগ করি। ফাইনালেও দারুণ ছিল, ফাইনালটি দেখেছি। মনে হয়েছে বল ক্যারি করেছে ভালো। এটি সব সময়ই রোমাঞ্চ বাড়িয়ে দেয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা