প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৪৫ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ০০:২১ এএম
কাঠমান্ডু পৌঁছে অনুশীলন সেশনও করেছে জুনিয়র বাঘিনীরা
সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ বুধবার নেপালে পৌঁছেছে বাংলাদেশ দল। কাঠমান্ডু পৌঁছে অনুশীলন সেশনও করেছে জুনিয়র বাঘিনীরা। চার দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী শুক্রবার। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ভারত ও ভুটান। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্বাগতিক নেপালকে। শনিবার ম্যাচটি মাঠে গড়াবে। কাঠমান্ডুর চেসিয়াল স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
সাফের সবশেষ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়শিপে ভারতের সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। যে কারণে এবারও দলের কাছে সবার প্রত্যাশা চ্যাম্পিয়ন হওয়া। সে লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। যাওয়ার আগে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলন আয়োজন করে বাফুফে। কোচ সাইফুল বারী বলেছেন, ‘দলের সবার মধ্যে রসায়নটা তৈরি করতে যে সময়টা দরকার, যেমন এখানে ৬ জন ফুটবলার অনেক দিন ধরে অনুশীলন করছে, ওদের ৬ মাসের মতো পেয়েছি। কিন্তু অন্যদের একদমই পাইনি। এখানে এক মাসের মতো সময় পেয়েছি। এটুকু প্রস্তুতি আমাদের জন্য যথেষ্ট না।'
-65df62e722173.jpg)
তিনি আরও বলেছেন, ‘এই দলে অনেক প্রতিভাবান ফুটবলার আছে। সময়ের সঙ্গে সঙ্গে যারা নিজেদের মেলে ধরবে। বেশ কিছু ফুটবলারের খেলা ভালো লেগেছে আমার। সেই হিসেবে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া লক্ষ্য হলেও দলীয় রসায়নটা এখনও পাব না। তবে একসঙ্গে মাঠে নেমে ওরা ভালো কিছু করেও ফেলতে পারে। এজন্য আমাদের প্রথম ম্যাচটা জেতা খুবই গুরুত্বপূর্ণ।'