প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১১ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১৩ পিএম
বাজবল অনুসাারী বেন স্টোকস-ব্রেন্ডন ম্যাককালাম
প্রথম অর্জন কখনও বেদনারও হয়, হয়েছেও। ‘প্রথম হওয়া’ আনন্দে
রূপ নেওয়ার পরিবর্তে বেন স্টোকসের জন্য হয়েছে কষ্টেরÑ যা তাকে এবং তার দলকে পোড়াচ্ছে।
টেস্টে ইংলিশদের আগ্রাসী-তত্ত্ব ভারতে এসে নিষ্ক্রিয়! রোহিত শর্মাদের কাছে বাজবল-যুগে প্রথম সিরিজ হার। তাতেই
বেন স্টোকস-ব্রেন্ডন ম্যাককালাম হয়েছেন প্রশ্নবিদ্ধ, দাঁড়াতে হয়েছে বিচারের কাঠগড়ায়।
ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেট নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
জেফ বয়কটের মতো কিংবদন্তি নাখোশ বাজবলে। প্রশ্ন তুলেছেন স্টোকসদের দায়িত্বজ্ঞান নিয়েও।
তিনি মনে করেন, আক্রমণাত্মক মানসিকতা থাকা বাঞ্ছনীয়। তাতে যদি নিজেদের স্বার্থসিদ্ধি
না হয়ে থাকে, তবে সেই ঘরানার ক্রিকেট থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ।
যদিও বয়কটের মন্তব্য কানে তুলছেন না স্টোকস। সাফ জানিয়ে
দিয়েছেন, ভারতের কাছে টেস্ট সিরিজ হারতে হলেও ভবিষ্যতে এই ঘরানার ক্রিকেট খেলেই ইংল্যান্ড
আবার সাফল্যের সরণিতে ফিরে আসবে। নিজের দেশের সংবাদমাধ্যমে স্টোকস বলেছেন, ‘সাবেকরা
যে ঠিক কোন বিষয়কে আগ্রাসন বলে বোঝাতে চাইছেন, সেটা মাথায় ঢুকছে না। প্রতিটি দল নিজের
সেরা শক্তি নিয়ে মাঠে নেমে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে চায়। যখন আমরা এমন ঘরানার ক্রিকেট
খেলে সফল হয়েছি, সবাই বলেছেন দল দুর্দান্ত খেলছে। সিরিজ হারতেই তারা উল্টো সুরে কথা
বলছেন! সত্যিই বিস্মিত।’
স্টোকসের স্পষ্ট বার্তা, ‘মাঠে নেমে সব ম্যাচ জিততে চাই।
এমনকি প্রতিটি সিরিজও। সবে একটা ধাক্কা খেয়েছি কিন্তু ভবিষ্যতে অনেক সিরিজই তো অপেক্ষা
করে রয়েছে। তাই ভুল শুধরে ইতিবাচক মন নিয়ে মাঠে ফেরার প্রচুর সুযোগ রয়েছে। আমাদের কাছেও
ফেরার সুযোগ ছিল। কিন্তু তা কাজে লাগাতে পারিনি। সতর্ক থাকতে হবে। কিন্তু ক্রিকেটে
বরাবর লড়াই হয়েছে দক্ষতা বনাম দক্ষতার।’
রাঁচিতে দারুণ সেঞ্চুরিতে নিজেকে ফেরানোর ম্যাচে জো রুটও
অধিনায়কের কথায় সুর মিলিয়েছেন। জানিয়েছেন, ভবিষ্যতে বাজবল ক্রিকেট সংস্কৃতিই বজায় রাখবেন।
সুযোগ পেলে রিভার্স সুইপ বা রিভার্স স্কুপ শট নিতে দ্বিধাবোধ করবেন না। রুটের এমন বক্তব্যে
বিরক্ত বয়কট, ‘রুট যখন আদর্শ টেস্ট ক্রিকেট সংস্কৃতি বজায় রেখে ব্যাট করেছে, উপহার
দিয়েছে ঝলমলে শতরান। তা হলে ও কেন সেই রাস্তা থেকে আবার সরে যেতে চাইছে? এমন মন্তব্য
ওর থেকে কাঙ্ক্ষিত নয়।’
বয়কটের এসব মন্তব্য পাত্তা দিচ্ছেন না সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন। আক্রমণাত্মক ধারার বাজবল খেলা দেখতেই স্বস্তি তার, ‘ভারতের কাছে হারে কোনো লজ্জা নেই। কিন্তু বাজবলকে ছুড়ে ফেলে দেওয়ার সময় এখনও আসেনি। গত ১৮ মাসে এই নতুন ক্রিকেট সবাইকে দারুণ আনন্দ দিয়েছে। স্টোকস-ম্যাককালাম জুটির এটা প্রথম সিরিজ হার হলেও ভবিষ্যতের জন্য এখনও চমক অপেক্ষা করছে।’