প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১৩ এএম
একের পর এক আক্রমণ করেও প্রতিপক্ষের দেয়াল ভাঙতে পারছিল না ম্যানচেস্টার সিটি। প্রতিকূল পরিস্থিতিতে দারুণ নৈপুণ্যে ব্যবধান গড়ে দিলেন আর্লিং হাল্যান্ড। ব্রেন্টফোর্ডকে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। ম্যানসিটির এই জয়ে শিরোপা লড়াইয়ে যোগ হলো নতুন মাত্রা। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের এখন ব্যবধান মাত্র এক পয়েন্টের।
ম্যাচের শুর থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে ম্যানসিটি। তবে তেমন কোনো উল্লেখযোগ সুযোগ তৈরি করতে পারছিল না তারা। প্রথম ১৫ মিনিটে হাল্যান্ডের একটি শটই কেবল লক্ষ্যে ছিল, যদিও তা অনায়াসে ঠেকিয়ে দেন গোলরক্ষক। ষোড়শ মিনিটে বিপদে পড়তে পারত শিরোপাধারারী। পাল্টা আক্রমণে প্রতিপক্ষের ডিফেন্ডারদের পেছনে ফেলে সিটির ডি-বক্সে ঢুকে পড়েন ফ্র্যাঙ্ক ওনেয়াকা। শেষ মুহূর্তে গোলরক্ষক বরাবর দুর্বল শটে হতাশ করেন তিনি। তিন মিনিট পর আইভান টনির দূর থেকে নেওয়া শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে গেলে ফের বেঁচে যায় সিটিজেনরা।
৩৩তম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট হয় ম্যানসিটির। কাইল ওয়াকারের হেড কাটব্যাক দারুণ পজিশনে পেয়েও লক্ষ্যভ্রষ্ট হেড করেন বার্নার্দো সিলভা। পরের কয়েক মিনিটে ব্রেন্টফোর্ডের ওপর দিয়ে যেন ঝড় বইয়ে যায়। তবে অসাধারণ দুটি সেভ করে জাল অক্ষত রাখেন গোলরক্ষক মার্ক ফ্লেকেন। মানুয়েল আকনজির দূরপাল্লার শটে কোনোমতে এক হাত দিয়ে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান তিনি, পরের মিনিট রুবেন দিয়াসের হেডও দারুণ ক্ষিপ্রতায় রুথে দেন ফ্লেকেন। পরক্ষণেই অস্কার ববের শট গোললাইন থেকে ফেরান ডিফেন্ডার বেন মি।
বিরতির পর ম্যানসিটির খেলায় গতি কিছুটা কমে। টানা আক্রমণ করলেও তেমন ভীতি ছড়াতে পারছিল না তারা। অবশেষে ৭১তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় দলটি। দারুণ এক প্রতি-আক্রমণে মাঝমাঠ থেকে বল পায়ে দ্রুত এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন হাল্যান্ড। গত আসরের সর্বোচ্চ গোলদাতা হাল্যান্ডের এ নিয়ে গোল হলো ১৭টি। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ২২টি।
খেলার বাকিটা সময়ে ব্যবধান ধরে রেখে আসরে ১৭তম জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি। ২৫ ম্যাচে তাদের পয়েন্ট হলো ৫৬। শীর্ষে লিভারপুলের পয়েন্ট ৫৭। এক ধাপ পিছিয়ে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। শীর্ষ চারের অন্য দল অ্যাস্টন ভিলার পয়েন্ট ৪৯। ২৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ব্রেন্টফোর্ড।