বিপিএল ২০২৪
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৯ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৪ পিএম
চট্টগ্রামে বিপিএল মানেই রান বন্যা। তা আরেকবার প্রমাণ মিলল বৈকি। দুইশ ছোঁয়া ইনিংস সঙ্গে আসরের তৃতীয় সেঞ্চুরি। দশম সংস্করণে ৩৯তম ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ৬৫ বলে করেছেন ১১৬ রান। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই তানজিদের প্রথম সেঞ্চুরি এবং ক্যারিয়ার সেরা। তার ঝোড়ো ইনিংসে রান পাহাড়ে চড়ে হোম ভেন্যুর দল।
২০২৪ সালের বিপিএলে সর্বোচ্চ রানের ইনিংস ২৩ বর্ষী তানজিদের। আসরে এর আগের সেঞ্চুরির প্রথমটির দেখা মেলে ২৬তম ম্যাচ। মিরপুর শেরেবাংলায় প্রথম সেঞ্চুরির দেখা পান কুমিল্লা ভিক্টোরিয়ানসের তাওহীদ হৃদয়। ৫৭ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। হয়েছেন ম্যাচসেরা। পরের সেঞ্চুরিয়ান কুমিল্লা ভিক্টোরিয়ানসের উইল জ্যাকস। জ্যাকস সেঞ্চুরি তুলেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। তিনিও করেন ১০৮ রান। ইংলিশ এই ব্যাটারের লেগেছে ৫৩ বল। আর সবশেষ অর্থাৎ তৃতীয় সেঞ্চুরিটি তানজিদের। ৫৮ বলে ম্যাজিকাল ফিগার স্পর্শ করেন। ৬৫ বলে ৮ চার ও ৮ ছক্কায় করেন ১১৬ রান। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই তানজিদ তামিমের প্রথম সেঞ্চুরি ও ক্যারিয়ার সেরা স্কোর।
২০২৪ বিপিএলের সেঞ্চুরি :
তাওহীদ হৃদয় : ১০৮ *
উইল জ্যাকস : ১০৮ *
তানজিদ হাসান : ১১৬