প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৮ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৪ পিএম
চ্যাপেল-হ্যাডলি ট্রফি এতদিন ওয়ানডেতে ফরম্যাটে ছিল। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বৈরথে এবার যুক্ত হলো টি-টোয়েন্টি। আগামী বুধবার ওয়েলিংটনে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। দ্রুত সময়ে ট্রফির হাত বদল রুখতেই এই কৌশল আয়োজকদের।
দুই দেশের দুই লিজেন্ডারি ক্রিকেট পরিবারকে কেন্দ্র করে চ্যাচেল-হ্যাডলি ট্রফির নামকরণ। নিউজিল্যান্ডের হ্যাডলি পরিবারের পক্ষে স্যার রিচার্ড হ্যাডলি নতুন ফরম্যাট যুক্ত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন, ‘এখন থেকে ট্রফিটা আরও দৃশ্যমান ও সমৃদ্ধশালী হবে। টি-টোয়েন্টি ও ৫০ ওভারের ব্যাক-টু ব্যাক সিরিজের ক্ষেত্রে যে নতুন পদ্ধতি যুক্ত হয়েছে, সেটাও আমার কাছে ভালো লেগেছে।’ অজি গ্রেট গ্রেগ চ্যাপেলও টি-টোয়েন্টি ফরম্যাট যুক্ত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।
চ্যাপেল-হ্যাডলি ট্রফি প্রথমবার চালু হয় ২০০৪ সালের ডিসেম্বরে। এর বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ট্রফিটি জিতেছে সাতবার, নিউজিল্যান্ড জিতেছে চারবার। ড্র হয়েছে দু’বার। প্রথম সিরিজটিও ড্রয়ে হয়েছিল। নতুন ফরম্যাট যুক্ত হওয়া দ্বৈরথটিতে থাকবে একটি পয়েন্ট সিস্টেম।