× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়সওয়ালের সেঞ্চুরিতে ভারতের দিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৫৭ এএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ০১:০০ এএম

সেঞ্চুরিয়ান যশস্বী জয়সওয়াল

সেঞ্চুরিয়ান যশস্বী জয়সওয়াল

বাজবলে ঝলক দেখিয়ে যাচ্ছিল ইংল্যান্ড। দুরন্ত ব্যাটিংয়ে আভাস দিয়ে যাচ্ছিল রানের পাহাড় গড়ার। দুই উইকেট হারিয়ে ইংলিশদের দলীয় স্কোর তখন ২০৭। উইকেটে ছিলেন সেঞ্চুরিয়ান বেন ডাকেট। ক্রিজে তার সঙ্গী ছিলেন অন্যতম সেরা ব্যাটার জো রুট। দারুণ কিছু করার সাহস তো দেখাবেই তারা। এ তো গেল দ্বিতীয় দিনের গল্প। কিন্তু রাজকোটে আজ তৃতীয় দিনের চিত্রনাট্য ঘুরে গেল ১৮০ ডিগ্রি। অতিথিদের ব্যাটিং আধিপত্য রুখে দিতে খেলায় ফেরেন ভারতীয় বোলাররা।

স্বাগতিকদের দলে নেই তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। মায়ের অসুস্থতার কারণে ছুটি নিয়ে ফিরেছেন ঘরে। নিজেদের আসল স্পিন অস্ত্র বাইরে রেখেই ইংল্যান্ডকে দলীয় স্কোরে ১১২ রানের বেশি যোগ করতে দেয়নি ভারত। বাকি ৮ উইকেটের বিনিময়ে এসেছে এই রান। সফরকারীরা গুটিয়ে গেছে ৩১৯ রানে।

এতে প্রথম ইনিংসে ৪৪৫ রান করার সুবাদে ১২৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামে রোহিত শর্মার দল। দিন শেষে কোচ রাহুল দ্রাবিড়ের শিষ্যরা ২ উইকেট হারিয়ে পেয়েছে ১৯৬ রান। আর এতে তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৩২২ রানে।

বিশাখাপত্তনম টেস্টের প্রথম ইনিংসে টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন যশস্বী জয়সওয়াল। ছন্দটা ধরে রেখে আজ পেলেন আরও একটি জাদুকরি তিন অঙ্কের দেখা। লাল বলের ক্রিকেটে সাত ম্যাচের ক্যারিয়ারের তৃতীয় শতক পাওয়া ভারতীয় ওপেনার ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে দিনটি নিজেদের করে নিয়েছেন।

দিনের শেষ দিকে পিঠের ব্যথা নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ২২ বছরের এ ব্যাটার। ১৫৫ রানের দ্বিতীয় উইকেট জুটিতে জয়সওয়ালের পার্টনার শুভমান গিল অপরাজিত থেকে গেছেন ৬৫ রানে।

জয়সওয়াল চোট নিয়ে প্যাভিলিয়নে ফেরার পর উইকেটে নামা রজত পাতিদার রানের খাতাই খুলতে পারেননি। গিলের সঙ্গী নাইটওয়াচম্যান কুলদীপ যাদব দিন শেষে উইকেটে অজেয় রয়ে গেছেন ৩ রানে। 

তার আগে ক্যাপ্টেন রোহিত শর্মাকে নিয়ে ওপেনিং জুটিতে মাত্র ৩০ রান এনে দেন জয়সওয়াল। ২৮ বলে ১৯ রান করেই জো রুটের বলে এলবিডব্লিউর ফাঁদে কাটা পড়েন রোহিত। সুইপ খেলতে গিয়ে বলের লাইন মিস করে তার হাতের ব্যাট। বল লেগ স্টাম্পের বাইরে ছিল, এমনটা মনে করে মাঠের আম্পায়ার জোয়েল উইলসন শুরুতে আঙুল উঁচু করেননি। তবে রিভিউয়ের ফল ইংলিশদের পক্ষেই যায় শেষে।

পরে আর পেছনে তাকাতে হয়নি। ইংলিশ বোলারদের কচুকাটা করে ভারতের ইনিংস দ্রুত সামনে এগিয়ে নেন জয়সওয়াল ও গিল। মার্ক উডের বলে কাভার দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরির দেখা পাওয়া জয়সওয়াল ছিলেন সবচেয়ে বেশি আক্রমণাত্মক। ১২২ বলে পান শতক। জয়সওয়াল ১৩৩ বলের ইনিংসটি সাজান ৯ বাউন্ডারি ও ৫ ছক্কায়। 

তৃতীয় দিনের অর্ধেক সেশন জয়সওয়াল-গিলের। আর প্রথম দেড় সেশন ভারতীয় বোলারদের। ৪ উইকেট নিয়ে পেস আক্রমণে সামনে থেকে নেতৃত্ব দেন মোহাম্মদ সিরাজ। আগের দিন ওলি পোপকে আউট করা এ ভারতীয় পেসার গতকাল নেন আরও ৩ উইকেট।

সুবাদে বিদায় করে দেন ইংলিশদের টেল-এন্ডারদের। সাজঘরের পথ দেখিয়ে দেন বেন ফোকস, রেহান আহমেদ ও জেমস অ্যান্ডারসনকে। ইংল্যান্ড প্রথম উইকেট হারায় দিনের পঞ্চম ওভারে। যশপ্রীত বুমরাহকে রিভার্স স্কুপ করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ১৮ রান নিয়ে জয়সওয়ালের তালুবন্দি হন জো রুট। পরের ওভারেই জনি বেয়ারস্টোকে ডাক বানিয়ে ফেরান কুলদীপ যাদব। রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি।

পরে ১৩৩ রান নিয়ে দিনের খেলা শুরু করা ডাকেট পথ ধরেন ড্রেসিংরুমের। কুলদীপের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে কাভারে গিলের হাতে ক্যাচ তুলে দেন ডাকেট। ১৫১ বলে ১৫৩ রান করা এ ইংলিশ ওপেনারের ইনিংসে ছিল ২৩ বাউন্ডারি ও ২ ছক্কা। ডাকেট যখন ফেরেন, তখন ইংল্যান্ডের স্কোর ২৬০/৫। সেখান থেকে ফোকসকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ছিলেন স্টোকস।

তবে জুটিতে ৩৯ রান আসতেই রবীন্দ্র জাদেজাকে কাউ কর্নার দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ওয়াইড লং অনে বুমরাহর হাতে ক্যাচ দেন ইংল্যান্ড অধিনায়ক। স্টোকসের আউট হওয়ার এক বল পরেই সিরাজ বিদায় করেন ফোকসকে। ইংলিশরা শেষ ৫ উইকেট বিলিয়ে দেয় মাত্র ৭ ওভার খেলে। 

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৪৪৫ ও ১৯৬/২, ৫১ ওভার (জয়সওয়াল আহত অবসর ১০৪, গিল ৬৫*; হার্টলি ১/৪২ ও রুট ১/৪৮)।

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৩১৯/১০, ৭১.১ ওভার (ডাকেট ১৫৩, স্টোকস ৪১, পোপ ৩৯; সিরাজ ৪/৮৪ ও জাদেজা ২/৫১)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা