প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৩৪ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২৩ পিএম
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুতে নামিদামি বিদেশি তারকা ছিল না। সে সময়ে পাকিস্তান, শ্রীলঙ্কা আর আফগানিস্তানের ক্রিকেটাররা কিছুটা উত্তাপ ছড়িয়েছিল। অবশেষে বিপিএল মাতাতে বাংলাদেশে পা রেখেছেন টি-টোয়েন্টির দুই ফেরিওয়ালা আন্দ্রে রাসেল ও সুনীল নারিন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের সঙ্গে যুক্ত হয়েছেন এই দুই ক্যারিবীয় তারকা। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লার ফ্র্যাঞ্চাইজিটি।
গত বছরের সেপ্টেম্বরে এ দুই ক্যারিবিয়ানকে নিজেদের শিবিরে ভেড়ানোর ঘোষণা দিয়েছিল কুমিল্লা। তবে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে খেলায় বিপিএলের শুরুতে যোগ দিতে পারেননি তারা। যদিও সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগটির পর্দা এখনও নামেনি। শনিবার এমআই এমিরাত ও দুবাই ক্যাপিটালসের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে আসর।
তবে রাসেল ও নারিনের দল আবুধাবি নাইট রাইডার্স প্লে অফ থেকে ছিটকে পড়ায় তারা কিছুটা আগেই যোগ দিতে পেরেছেন বিপিএলে। রাসেল অবশ্য এর মধ্যে জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দায়িত্ব পালন করে কুমিল্লা শিবিরে যোগ দিয়েছেন।
সবকিছু ঠিক থাকলে ১৯ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কুমিল্লা শিবিরে দেখা যাবে রাসেল ও নারিনকে। ৯ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফ্র্যাঞ্চাইজিটির প্লে অফে খেলা একপ্রকার নিশ্চিত। গ্রুপ পর্বে হাতে বাকি আছে আরও তিন ম্যাচ। প্লে অফের পর ফাইনালেও পা রাখলে ম্যাচ সংখ্যা বেড়ে হবে পাঁচ থেকে ছয়।