বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:১৪ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ০২:৫১ এএম
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একক আধিপত্য চলছে রংপুর রাইডার্সের। আসরে টানা সপ্তম জয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে সাকিব-সোহানরা। সবশেষ তারা ১৮ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুরের দেয়া ১৮৮ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান করতে সক্ষম হয় চট্টগ্রাম। এতে প্লে অফ অনেকটা অনিশ্চিত সাগরিকা পাড়ের দলটির।
রান তাড়া করতে নেমে দলীয় ৩২ রানের মধ্যেই তিন টপঅর্ডার ব্যাটারকে হারায় চট্টগ্রাম৷ তানজিদ হাসান তামিম ১৬ বলে ১৩ রান করে কট বিহাইন্ড হন। ৪ বলে ৪ রান করে ক্যাচ দেন জশ ব্রাউন আর সৈকত আলী ৭ বলে ৯ রান করে বোল্ড হন।
এরপর চতুর্থ উইকেটে দলের হাল ধরার চেষ্টা করেন টম ব্রুস ও অধিনায়ক শুভাগত হোম। তবে তাদের ক্রিজে স্থায়ী হতে দেননি শেখ মেহেদী হাসান। ২৪ বলে ২৪ করে ব্রুস আর ১৯ বলে ২১ রান করে ইনিংসের ১২তম ওভারে আউট হন তারা।
একপ্রান্ত আগলে ধরে ঝড় তোলেন ক্যারিবীয় অলরাউন্ডার রোমারিও শেফার্ড। আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে তাকে সঙ্গ দেয়ার চেষ্টা করে ব্যর্থ হন জিয়াউর রহমান। ১৫ বলে ১৫ রান করে ইনিংসের ১৭তম ওভারে আউট হন তিনি।
শেষ দিকে কিছুটা চমক দেখান শেফার্ড। কিন্তু শেষ পর্যন্ত ১৮ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম। ৩০ বলে ৬ ছক্কা ও ৫ চারে ৬৬ রানে অপরাজিত থাকেন এ ক্যারিবীয়।
এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে রংপুর। টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডার এদিন ৩৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় করেন ৬২ রান। এছাড়া ১৭ বলে ৪ ছক্কায় ৩৪ রানের দারুণ ইনিংস উপহার দেন শেখ মেহেদী।
এনিয়ে আসরে টানা সপ্তম জয় তুলে নিল রংপুর। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান পোক্ত করেছে তারা। বাকি থাকা দুই ম্যাচ হারলেও তাদের প্লে অফের পথে বাধা হতে পারবে না কেউ।
১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থাকা চট্টগ্রাম টানা তিন হারে দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। বাকি ২ ম্যাচ তাদের জন্য বাঁচা-মরার। পরের দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ দুর্দান্ত ঢাকা ও খুলনা টাইগার্স।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৮৭/৮ (রনি ২৫, হেন্ডরিকস ৪, কিং ২, সাকিব ৬২, সোহান ৫, মেহেদি ৩৪, নিশাম ৫, শামিম ১৭, প্রিটোরিয়াস ৩*, হাসান ৮*; বিলাল ৪-০-৩৫-১, সালাউদ্দিন ৪-০-৩৮-২, নিহাদউজ্জামান ১.৫-০-১৫-০, জিয়া ২.১-০-৩০-০, শহিদুল ৪-০-৩২-২, শেফার্ড ৪-০-২৭-৩)।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১৬৯/৬ (তানজিদ ১৩, ব্রাউন ৪, সৈকত ৯, ব্রুস ২৪, শুভাগত ২১, শেফার্ড ৬৬*, জিয়া ১৫, শহিদুল ***; প্রিটোরিয়াস ৪-০-১৪-৩, নিশাম ৪-০-৪২-০, হাসান ৪-০-৪০-১, সাকিব ৪-০-৩০-০, মুরাদ ২-০-১৭-০, মেহেদি ২-০-১৭-২)।
ফল: রংপুর রাইডার্স ১৮ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: শেখ মেহেদি হাসান।