× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবের বেতন কমেছে, সর্বোচ্চ শান্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১১ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১৭ পিএম

সাকিবের বেতন কমেছে, সর্বোচ্চ শান্ত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কেন্দ্রীয় চুক্তিতে গেলবারের তুলনায় কমেছে সাকিব আল হাসানের অর্থের পরিমাণ। প্রতিমাসে টাইগার অলরাউন্ডারের একাউন্টে ঢুকবে ৭ লাখ ৯০ হাজার টাকা। মাসে সর্বোচ্চ ৯ লাখ ১০ হাজার টাকা তুলবেন তিন ফরম্যাটের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর সর্বনিম্ন ১ লাখ টাকা করে পাবেন তানজিম হাসান সাকিব আর শেখ মেহেদী হাসান।

গত ১২ ফেব্রুয়ারি ২১ ক্রিকেটারকে রেখে ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেন্দ্রীয় চুক্তিতে কারা কারা থাকছেন তখন সেটি জানালেও কে কত বেতন পাবেন তা এতদিন অজানাই ছিল। জানা গেছে, নতুন বছরে কারও বেতন না বাড়লেও ক্যাটাগরির কারণে কারও বেতন কমেছে, কারও বা বেড়েছে। ফলে প্রশ্ন উঠছে, চুক্তিতে কে কত বেতন পাচ্ছেন?

আগেরবারের মতো এবারও ক্রিকেটারদের পাঁচ ক্যাটাগরিতে (এ+, এ, বি, সি আর ডি) ভাগ করা হয়েছে। টেস্টে এ+ গ্রেডের বেতন সাড়ে ৪ লাখ টাকা। ওয়ানডেতে ৪ লাখ আর টি-টোয়েন্টিতে সংখ্যাটা সাড়ে ৩ লাখ। একইভাবে এ ক্যাটাগরিতে টাকার পরিমাণ সাড়ে ৩ লাখ, ৩ লাখ আর ২ লাখ ৭৫ হাজার টাকা। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি ভেদে টাকার পরিমাণ ভিন্ন বি, সি আর ডি ক্যাটাগরিতেও।

এবার তিন ফরম্যাটেই এ+ ক্যাটাগরিতে মোটে আছেন দুই জন। সাবেক আর নতুন অধিনায়ক, সাকিব আল হাসান আর নাজমুল হোসেন শান্ত। সিনিয়র ক্যাম্পেইনার মুশফিক টেস্ট আর ওয়ানডে দুটোতেই আছেন এ+ ক্যাটাগরিতে। শুধু টেস্টের চুক্তিতে থাকা মুমিনুল হক ও তাইজুল ইসলামও এ+ ক্যাটাগরিতে। এর বাইরে সাদা বলের চুক্তিতে থাকা একমাত্র মাহমুদউল্লাহ রিয়াদই আছেন এ+ ক্যাটাগরিতে।

তিন ফরম্যাটেই চুক্তিতে থাকা বাকি তিন ক্রিকেটার লিটন দাস, মেহেদী হাসান মিরাজ আর শরিফুল ইসলাম আছেন ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে। অপরিবর্তিত মুস্তাফিজুর রহমান আছেন এ ক্যাটাগরিতে। ওয়ানডেতে তাওহিদ হৃদয় ঢুকে গেছেন বি ক্যাটাগরিতে। জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় সি আর মোহাম্মদ নাঈম ও খালেদ আহমেদ আছেন ডি ক্যাটাগরিতে।

তবে তিন ফরম্যাটে থাকলেই যে চুক্তির পুরো টাকা পাবেন বিষয়টি তেমন নয়। নিয়মানুযায়ী প্রথম চুক্তির শতভাগ, দ্বিতীয় চুক্তির ৫০ শতাংশ আর তৃতীয় চুক্তির ৪০ শতাংশ অর্থ ঢুকবে তার অ্যাকাউন্টে। শান্তকে দিয়েই উদাহরণ দেওয়া হয়েছে। প্রতি ফরম্যাটের অধিনায়ক হওয়ায় অতিরিক্ত ৪০ হাজার করে আরও মোট ১ লাখ ২০ হাজার টাকা প্রতি মাসে ঢুকবে শান্তর অ্যাকাউন্টে।

এ ছাড়াও সাকিব ৭ লাখ ৯০ হাজার টাকা, মুশফিক সাড়ে ৬ লাখ, লিটন ৬ লাখ ৫ হাজার, মিরাজ-শরিফুল সাড়ে ৫ লাখ, তাসকিন ৫ লাখ ৭৫ হাজার, রিয়াদ ৪ লাখ, মুস্তাফিজ ২ লাখ ৮৭ হাজার ৫শ আর তাওহিদ হৃদয়ের অ্যাকাউন্টে ঢুকবে ২ লাখ ৬২ হাজার ৫শ টাকা।

অবশ্য কেন্দ্রীয় চুক্তির বাইরে কোনো ক্রিকেটার গোটা সিরিজের স্কোয়াডে থাকলে তিনি ওই মাসের ডি ক্যাটাগরির সমপরিমাণ অর্থ পাবেন। তবে গোটা সিরিজে না থাকলে অর্থে পরিমাণ হয়ে যাবে অর্ধেক। এর বাইরেও নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেললে ১ লাখ টাকা করে আর্থিক প্রণোদনা পাবেন ক্রিকেটাররা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা