× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বলছেন নিশাম

‘সাকিব চোখে না দেখলেও বল করতে পারবে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১০ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৪৪ এএম

‘সাকিব চোখে না দেখলেও বল করতে পারবে’

বেশ কিছু দিন ধরে চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। যে কারণে চলতি বিপিএলের শুরুতে তাকে পাওয়া নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামলেও ব্যাট হাতে নিজের স্বাভাবিক ছন্দে ফিরতে হিমশিম খেতে হয়েছে তাকে। তবে সবশেষ বেশ কয়েকটি ম্যাচে ব্যাটে তাকে বেশ স্বাচ্ছন্দে দেখা গেছে। তবে চোখে সমস্যা নিয়েও বল হাতে অসুবিধায় পড়তে হয়নি টাইগার অলরাউন্ডারকে। বল হাতে প্রায় প্রতি ম্যাচেই আলো ছড়াচ্ছেন তিনি, চোখের সমস্যা টেরই পাওয়া যাচ্ছে না। এবার সাকিবের সতীর্থ রংপুরের আরেক অলরাউন্ডার জিমি নিশাম জানালেন, সাকিব চোখে না দেখলেও বোলিং করতে পারবেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশাম। এ সময় সাকিবের চোখের সমস্যার কথা উঠলে তিনি জানান, ‘আসলে (চোখের সমস্যা) সম্ভবত তাকে সাহায্য করছে (হাসি)। এক চোখে খেলাটা হয়তো তার কাজ আরও সহজ করে দিয়েছে (হাসি)। সে দারুণ একজন ক্রিকেটার। আমি জানি না তার চোখের কী সমস্যা হয়েছে। যা-ই করছে সে তা-ই ভালো হচ্ছে। সম্ভবত সে যদি নাও দেখতে পায়, তাহলেও সে ভালো বোলিং করতে পারবে। সে আগের মতোই ভালো বোলিং করবে।’

বিপিএলের ইতিহাসে সবচেয়ে ধারাবাহিক পারফর্মার সাকিবকে আসরের শুরুর দিকে ব্যাটিং বা বোলিংয়ে কিছুটা ভুগতে দেখা গেলেও সবশেষ তিন ম্যাচে স্বরূপে ফিরেছেন। রংপুরের হয়ে প্রথম পাঁচ ম্যাচে মাত্র চার রান করেন সাকিব। তার মধ্যে দুটি ম্যাচে ব্যাটিংয়েও নামেননি তিনি। তবে বল হাতে খুব একটা বাজে পারফরম্যান্স করেননি বাংলাদেশের এই পোস্টার বয়। পাঁচ ম্যাচে ৫.৮০ ইকোনমিতে নেন ছয় উইকেট।

এরপরের তিন ম্যাচে অবশ্য সেই চিরচেনা সাকিবের দেখা মেলে। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ২০ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলার পর বল হাতে তিন উইকেট নিয়ে হন ম্যাচসেরা। তারপরের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে করেন ১৬ বলে ২৭ রান, বল হাতে নেন দুই উইকেট। আর সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে তাণ্ডব চালান সাকিব। ব্যাট হাতে ৩১ বলে ৬৯ রান করার পর বল হাতে নেন দুই উইকেট।

বিশ্বসেরা এই টাইগার অলরাউন্ডারের টানা পারফরম্যান্সে উচ্ছ্বসিত নিশাম নিজেও, ‘সে দারুণ করছে আমাদের হয়ে। সে অন্যতম সেরা ব্যাটার এবং একই সঙ্গে অন্যতম সেরা বোলারও। দলের জন্য এটি বাড়তি সুবিধা। গত কয়েক ম্যাচে সে বেশ ভালো করেছে। আশা করি সে ফাইনাল পর্যন্ত এটা ধরে রাখতে পারবে।’

উল্লেখ্য, বিপিএলের দশম আসরের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে আছে সাকিবদের দল রংপুর রাইডার্স। এখন পর্যন্ত ৯ ম্যাচে সাত জয় নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সমান ১৪ পয়েন্ট নিয়েও নেট রান রেটে এক নম্বরে আছে তারা। এর মধ্যে নিজেদের শেষ ছয় ম্যাচেই টানা জয় পেয়েছে রংপুরের ফ্র্যাঞ্চাইজিটি। ফলে সাকিবরা শিরোপা পুনরুদ্ধার করতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা