প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৫২ এএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৪ পিএম
সিরো ইমোবাইলের পেনাল্টি গোলে জয় ছিনিয়ে নিয়েছে লাৎসিও
মাঠের লড়াইয়ে আধিপত্য বিস্তার করল বায়ার্ন মিউনিখই। কিন্তু গোলের দেখা পেল না। উল্টো লাল কার্ডের খড়গে শক্তি হারিয়ে করল গোল হজম। তাতেই অঘটনের শিকার হলো অ্যালিয়াঞ্জ এরিনা শিবির। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগেই জার্মান চ্যাম্পিয়নরা ১-০ গোলে হার মানল লাৎসিওর কাছে। সিরো মোবাইলের পেনাল্টি গোলই হতবাক করেছে বাভারিয়ানদের।
দ্বিতীয়ার্ধে গুস্তাভ ইসাকসেন ফাউলের শিকার হন। বাজে ট্যাকলের খেসারত দিয়েছেন দায়োত উপামেকানো লাল কার্ড দেখে মাঠ ছেড়ে। সঙ্গে হজম করতে হয়েছে হারের তেতো স্বাদ। একটি শটও টার্গেটে রাখতে পারেনি বায়ার্ন।
ম্যাচের ৬৭ মিনিটে লাল কার্ড দেখেন উপামেকানো। দুই মিনিট বাদে পেনাল্টি থেকে গোল পান লাৎসিওর ইমোবাইল। বায়ার্নের তারকাখচিত আক্রমণভাগে হ্যারি কেন থেকেও ছিলেন নিষ্প্রভ। অনুজ্জ্বল পারফরম্যান্সে সমতায়ও ফিরতে পারেনি জার্মান জায়ান্টরা।
সময় এখন ভালো যাচ্ছে না বায়ার্নের। তার মধ্যে ফের হারতে হলো হ্যারি কেনদের। পাঁচ দিনের ব্যবধানে এটি বায়ার্নের দ্বিতীয় হার। দুঃস্বপ্নের ম্যাচে কোচ টমাস টাচেলের ওপর চাপটা বেড়েই গেল।
শনিবার রাতে বায়ার্ন ৩-০ গোলে হার মেনেছে তাদের শিরোপা লড়াইয়ের 'শত্রু' বায়ার্ন লেভারকুসেনের কাছে। বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে পাঁচ পয়েন্টে পিছিয়ে এখন তারা।
গোলের অল্প কিছু সুযোগ এসেছিল ম্যাচে। তবে সেগুলোর গুণমান মোটেই ভালো ছিল না। বায়ার্নের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেন প্রথমার্ধের সেরা সুযোগটা মিস করেন। বিরতির পর ইসাকসেনের শট ক্ষিপ্রগতিতে রুখে দেন ম্যানুয়াল নয়ার।
অবশেষে লাৎসিওর কাউন্টার অ্যাটাক থেকে ম্যাচের উত্তেজনা বেড়ে যায় ৬৭ মিনিটে। বক্সের ভেতর ইসাকসেনকে ফাউল করেন উপামেকানো।
উপামেকানো লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। আগামী মঙ্গলবার ৩৪ এ পা রাখতে যাওয়া লাৎসিওর অধিনায়ক ও লিজেন্ড ইমোবাইল চাতুর্যপূর্ণ পেনাল্টিতে বোকা বানান নয়ারকে। স্তাদিও অলিম্পিকোর দর্শক উল্লাসে ফেটে পড়ে।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে তৃতীয় বারের মতো খেলতে নেমেই চমক দেখাল লাৎসিও। ৫ মার্চ মিউনিখের ফিরতি লেগে এগিয়ে থেকেই লড়বে তারা। ষষ্ঠবারের ইউরোপ চ্যাম্পিয়নদের বিদায় করে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে নামবে এবার লাৎ সিও।