প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫৪ এএম
ডি ব্রুইনের ঝলকে শেষ আটের পথে এগিয়ে গেল ম্যানসিটি। ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার রাতে এফসি কোপেনহেগেনকে পাত্তাই দেয়নি ম্যানচেস্টার সিটি। প্রথম লেগের খেলায় ডেনমার্কের ক্লাবটিকে ৩-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। দুর্দান্ত এই জয়ে হোম ম্যাচের আগেই শেষ আটের পথে এক পা দিয়ে রাখল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার রাতে ডেনমার্কের কোপেনহেগেনে ১০ মিনিটে ডি ব্রুইনে দলকে এগিয়ে নেওয়ার পর ৩৪ মিনিটে সমতা আনে কোপেনহেগেন। ৪৫ মিনিটে ফের দলকে এগিয়ে নেন বার্নার্দো সিলভা। যোগ করা সময়ে লক্ষ্যভেদ করে জয় নিশ্চিত করেন ফিল ফোডেন।
পুরো ম্যাচে একচেটিয়া দাপট নিয়ে খেলেছে ম্যানসিটি। প্রায় ৮০ শতাংশ বলই দখলে ছিল ইংলিশ জায়ান্টদের। ২৭ শটের ১৩টি লক্ষ্যে রেখে তিন গোল আদায় করে তারা। গোল আরও বেশি না হওয়ার কারণ প্রতিপক্ষের গোলরক্ষক কামিল গ্রাবারা। দারুণ কিছু শট ঠেকিয়েছেন তিনি।
ম্যাচের ১০ম মিনিটে ফোডেনের বাড়িয়ে দেওয়া বল থেকে বক্সে ডি ব্রুইনে জালে বল পাঠাতে ভুল করেননি। ২১ মিনিটে চোটের কারণে জ্যাক গ্রিলিশকে হারায় ম্যানসিটি, তবে এটি টের পাওয়া যায়নি বাকিদের ছন্দে।
ম্যানসিটির একের পর এক আক্রমণ সামলে ৩৪ মিনিটে গোল পেয়ে বসে কোপেনহেগেন। ম্যানসিটির ব্রাজিলিয়ান কিপার এডারসেন ব্যাকপাস ধরে ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষের পায়ে বল তুলে বিপদ ডাকেন। মোহামেদ এলিয়োনসির শট দিয়াস আটকালেও ডেনিশ মিডফিল্ডার মেটসন ফিরতি বল পেয়ে জালে জড়ান।
বিরতির আগে দলকে স্বস্তি দেন সিলভা। ডি ব্রুইনার কাছ থেকে বলের যোগান পেয়ে দলকে এগিয়ে নেন তিনি। যোগ করা সময়ে তৃতীয় গোল করে আর শঙ্কার জায়গা রাখেননি ফোডেন।
আগামী ৫ মার্চ নিজেদের মাঠে কোপেনহেগেনের বিপক্ষে ফিরতি লেগে মুখোমুখি হবে ম্যানসিটি। প্রথম লেগে দুই গোলে এগিয়ে থাকায় তাদের কাজটা অনেক সহজ।