প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪১ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২১:০৫ পিএম
দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে পাঁচটি ক্রীড়া ফেডারেশনের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।
যুব ও ক্রীড়া মন্ত্রী বলেন, ‘দেশের প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানেই খেলাধুলার মাঠ রয়েছে। আমাদের সময়ে সেখানে নিয়মিত খেলাধুলার চর্চাটা হতো। যদি দাবা বা এথলেটিকসের কথা বলি, এটিতে স্কুলপর্যায়েই সবচেয়ে বেশি চর্চা বা বিকশিত হওয়ার সুযোগ রয়েছে। এখান থেকে যারা ভালো করত, তারা পরবর্তীতে জেলা, বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়েও খেলার সুযোগ পেত। কিন্তু বর্তমানে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার চর্চাটা কমে গেছে। এ কারণে জাতীয় পর্যায়ে আগের মতো ভালো খেলোয়াড় উঠে আসছে না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বেশি বেশি খেলাধুলা চর্চার সুযোগ সৃষ্টি করতে হবে।’
যে ফেডারেশনই ভালো ফলাফল অর্জন করবে, তাদেরই বিশেষ গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘সব খেলাই গুরুত্বপূর্ণ। তবে পারফরম্যান্স ও সম্ভাবনার ওপর ভিত্তি করে আমরা অগ্রাধিকার লিস্ট তৈরি করব। তারপর আমার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে। স্পোর্টসের উন্নয়নে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও বসব।’ একই সঙ্গে স্পন্সর সংগ্রহ ও বৃদ্ধির বিষয়ে বিভিন্ন করপোরেট বডির সঙ্গেও বৈঠকে বসবেন তিনি। এ ছাড়াও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে সরেজমিনে পরিদর্শন করে প্রকৃত অবস্থা জানার চেষ্টা করবেন বলেও জানান মন্ত্রী।
এর পূর্বে মন্ত্রী কাবাডি, দাবা, জিমন্যাস্টিক, হ্যান্ডবল ও ব্যাডমিন্টন ফেডারেশনের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সভায় ব্যাডমিন্টন ফেডারেশনের পক্ষে প্রধান তথ্য কমিশনার ও সভাপতি ড. আব্দুল মালেক, দাবা ফেডারেশনের পক্ষে সভাপতি ও সাবেক আইজিপি ড. বেনজির আহমেদ, জিমন্যাস্টিক ফেডারেশনের পক্ষে শেখ বশির আল মামুন, হ্যান্ডবল ফেডারেশনের পক্ষে সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল এবং কাবাডি ফেডারেশনের পক্ষে সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্টোপলিটনের পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।