প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২৮ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০৩ পিএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী আশরাফ হোসেন
লিপু। এর আগে বিসিবির সাবেক পরিচালক, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এবং বিপিএল
গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এবারই প্রথম
নতুন এই দায়িত্বে। তবে প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েই তিনি সাফ জানিয়ে দিলেন, স্বাধীনভাবে
দায়িত্ব পালন করতে না পারলে বের হয়ে যাওয়ার পথ খোলা আছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন নবনিযুক্ত প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও নির্বাচক হান্নান সরকার। এ জাতীয় দলের নির্বাচকরা স্বাধীনভাবে কাজ করতে না পারার যে অভিযোগ, নতুন কমিটি কি তা উতরে যেতে পারবে? এমন প্রশ্ন ছুড়ে দেওয়া হয় লিপুর কাছে।
জবাবে ওয়ানডে দলের প্রথম এ অধিনায়ক বলেন, আমাদের যে জব আমি মনে করি সে জায়গায় যদি স্বাধীনতার খর্ব হয়, তাহলে সেটা আমার কাছে মনে হয় আপত্তিজনক। আমি এখানে দুই বছরের জন্য এসেছি। কাজ করতে পারলে ইনশাআল্লাহ দুই বছরই অনেক।
এতদিন
বিসিবি আর নির্বাচকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, অথচ এখন সে দায়িত্বে। এক সময় বোর্ডের
পরিচালকের দায়িত্ব পালন করা সাবেক অধিনায়ক কেন এ দায়িত্ব নিলেন? এমন প্রশ্নে লিপু
বলেন, ‘আপনারা জানেন, অনেক দিন ধরে বোর্ডের সঙ্গেই নেই। তো করোনাকালীন সময়ের আগে একাধিকবার
বিভিন্ন রোলে বোর্ডের সঙ্গে কাজ করার প্রস্তাব এসেছে। কিন্তু আমার মা অসুস্থ ছিলেন,
তখন এটা চিন্তা করার সুযোগই ছিল না। ইলেকশনের আগেও প্রস্তাব এসেছিল। তো এবার যখন কথা
বললাম পরিস্থিতি আসল, তখন ব্যাসিক্যালি আমার দিক থেকে বলা হয়েছে।’