প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০০ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৭ পিএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের মেয়াদ গত ডিসেম্বরেই শেষ হয়ে গিয়েছিল। এই কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জায়গায় নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড সভায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভা শেষে বের হয়ে নতুন নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এছাড়া নির্বাচক হাবিবুল বাশার সুমনের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার। তবে আরেক নির্বাচক আব্দুর রাজ্জাক রাজ একই পদে বহাল থাকছেন।
নতুন দায়িত্ব পাওয়া গাজী আশরাফ হোসেন লিপু বিসিবির সাবেক পরিচালক, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ছিলেন জাতীয় দলের প্রথম ওয়ানডে অধিনায়কও।
তাকে প্রধান নির্বাচক করার কারণ জানতে চাওয়া হয় বিসিবি সভাপতির কাছে।
এই প্রসঙ্গে পাপন বলেন, ‘যে কয়েকটা নাম এসেছে আমাদের কাছে। এদের মধ্যে উনার নামটা দেখার পর আসলে খুব একটা সংশয় আমাদের মধ্যে ছিল না। আমরা মনে করেছি যে কয়েকটা নাম প্রস্তাব করা হয়েছে আমাদের ভেতর। যদি উনি আসতে রাজি হন, আমরা মনে করেছি উনি সেরা। সেজন্য এটা নিয়ে খুব একটা তর্ক হয়নি। কথাটা ছিল উনি আসতে চান কি না বা রাজি আছেন কি না। যখন আমরা কনফার্মেশন পেলাম রাজি আছে, তখন একবাক্যে সবাই স্বীকার করে নিলাম উনাকে আমরা করবো।’
ডিসেম্বরে আগের নির্বাচক প্যানেলের চুক্তি শেষ হলেও বোর্ডের চাওয়াতে এতদিন ধরে কাজ করছিলেন নান্নু-বাশাররা। এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচক প্যানেল থেকে ইতি ঘটলো তাদের। যদিও চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত দায়িত্বে থাকছেন তারা। বিসিবি সভাপতি জানিয়েছেন, সুবিধাজনক জায়গায় চাকরি দিয়ে বিসিবিতেই রাখা হবে নান্নু ও সুমনকে।
যোগ করেন, ‘বোর্ড এপ্রিশিয়েট করেছে আমাদের ক্রিকেটে তাদের অবদান। এবং আমরা সকলে একবাক্যে স্বীকার করেছি আমরা খুবই খুশি তাদের অবদানে। কিন্তু আমরা তাদেরকে হারাতেও চাই না। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তাদেরকে বোর্ডের অন্য সুইটেবল পজিশনে দুজনকেই রাখবো। ’