প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:০৪ এএম
জাতীয় সংসদ নির্বাচন শেষেই বোর্ড সভা করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সেটি পিছিয়ে আজ সোমবার বসতে যাচ্ছে প্রায় ছয় মাস পর। বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে এদিন। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উত্থাপিত হবে ১২টি এজেন্ডা। এরমাঝে শুরুর দিকে থাকবে শেখ হাসিনা স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণের চূড়ান্ত নিলাম।
সভায় সিদ্ধান্ত আসতে পারে কোচ নিয়োগ, বিশ্বকাপ পারফর্মেন্স মূল্যায়ন কমিটি, নির্বাচক কমিটি, জাতীয় দলের অধিনায়ক নির্ধারণ, প্রথম শ্রেণি ক্রিকেটারদের চুক্তি। এছাড়াও থাকবে ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তি, নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন, আঞ্চলিক ক্রিকেটের অগ্রগতি, বোর্ডের নিজস্ব মাঠ কেনার অগ্রগতি।
এজেন্ডাতে থাকছে সাকিব ও তামিমের ভবিষ্যত নিয়ে আলোচনা এবং বার্ষিক বরাদ্দ আর বোর্ডের আর্থিক বিষয়াদি নিয়ে আলোচনা। আজ বিকাল চারটা নাগাদ সভা শুরু হতে পারে।
গতকাল রবিবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি সুজন বলেছেন, ‘আমরা আশা করছি ৪টায় শুরু হবে বোর্ড মিটিং। মিটিংয়ে অর্থনৈতিক ব্যাপারগুলোর পাশাপাশি নির্বাচক প্যানেল নিয়ে আলোচনা হবে। এছাড়াও আমাদের স্টেডিয়ামের কাজ নিয়ে বোর্ডকে আপডেট জানানো হবে।’