বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০৪ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৩৭ পিএম
বিপিএলের দশম আসরের ঢাকা পর্ব শেষে এবার খেলা গড়াবে চট্টগ্রামে। এজন্য প্রতিটি দলই বন্দর নগরীতে যাওয়ার ব্যস্ততার মধ্যে রয়েছে। আর সেই যাত্রার সময়েই দুর্ঘটনার শিকার হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল ৭ টার দিকে চট্টগ্রামে যাওয়ার পথে সীতাকুণ্ডে ফ্র্যাঞ্চাইজিটির বাসের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। দুর্ঘটনার সময় বাসে কেবল ক্রিকেটারদের সরঞ্জামাদি ছিল। দুর্ঘটনার পরে বাস থেকে ক্রিকেটারদের সরঞ্জাম উদ্ধার করে গন্তব্যে পাঠানো হয়েছে।
এ দিকে বাসে করে চট্টগ্রামে সরঞ্জাম পাঠানো হলেও দলটির ক্রিকেটাররা ঢাকা ছাড়বেন আজ বিকাল ৪টার ফ্লাইটে। আগামী ১৩ ফেব্রুয়ারি সাগরিকায় কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। ঘরের মাটিতে তাদের রয়েছে ৪টি ম্যাচ।
বিপিএলে ৮ ম্যাচ খেলে শুভাগত হোম বাহিনীর দখলে রয়েছে ৫টি জয়। তাতে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে দলটি। সবশেষ ম্যাচে রংপুরের বিপক্ষে ৫৩ রানে হেরেছে তারা। রংপুরের ২১১ রানের জবাবে ১৫৮ রানে থামে চট্টগ্রাম।