প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:০৪ পিএম
সম্প্রতি বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান পাপন। এজন্য পাপনকে নিজ জন্মস্থান কিশোরগঞ্জের ভৈরবে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় তাকে সর্বস্তরের মানুষসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠন থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ভৈরব সরকারি কাদির বক্স পাইলট মডেল হাই স্কুল মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়। নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও পৌর মেয়র ইফতেখার হোসেন বেনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হাসান পাপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া, যুব ও ক্রীড়া মন্ত্রীর সহধর্মিণী রোকসানা হাসান।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আপনারা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়েছেন। এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সকলের চেষ্টা ছিলো, যেন সকল ভোটাররা কেন্দ্রে এসে ভোট দেয়। সেই কাজটি আপনারা ভৈরববাসী করেছেন। সামনে অনেক চ্যালেঞ্জ, মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার রূপরেখা দিয়েছেন। সেই অনুযায়ী ২০২৬ সালে আমরা উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হবো। আর ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠন করবো। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেছেন তা সবই বাস্তবায়ন করে দেখিয়েছেন। আপনাদের সকলের সহযোগিতায় সফল হয়েছেন। আবারও আপনাদের সহযোগিতায় প্রধানমন্ত্রীর ভিশন সফল হবে বলে আশা করি।
পাপন আরও বলেন, আগে আমি অনেক কিছুতে যুক্ত ছিলাম। এখন সবকিছু ছেড়ে আপনাদের সাথেই কাজ করছি ভবিষ্যতেও করবো। ভৈরববাসীর পক্ষ থেকে আজ আমার কাছে যেসকল উন্নয়নমূলক কাজের দাবি জানিয়েছেন, সে সকল উন্নয়নমুলক কাজ অতিদ্রুত একে একে বাস্তবায়ন করা হবে জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ মানপত্র পাঠ করে ভৈরবকে প্রস্তাবিত ৬৫ তম জেলা বাস্তবায়নসহ এলাকাবাসীর পক্ষ থেকে ভৈরবের উন্নয়নমূলক কাজের দাবি উত্থাপন করে। অনুষ্ঠান শেষে ভৈরবে সদ্য নির্মিত একমাত্র পার্ক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রী।