× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জোড়া গোলে ‘পঞ্চাশ’ রাঙালেন হাল্যান্ড, শীর্ষে ফিরল ম্যানসিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৩ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫৭ পিএম

জোড়া গোলে ‘পঞ্চাশ’ রাঙালেন হাল্যান্ড, শীর্ষে ফিরল ম্যানসিটি

লিগ টেবিলের চূড়ায় ফিরতে জয়ছাড়া বিকল্প ছিল না ম্যানচেস্টার সিটির সামনে। এভারটনকে আতিথেয়তা দিয়ে শনিবার সন্ধ্যায় ২-০ গোলের জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার দল। শুরুর একাদশে নামা নিজের এমন ৫০তম ম্যাচে জোড়া গোল করে মাইলফলক রাঙিয়েছেন আর্লিং হাল্যান্ড। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

এভারটনের বিপক্ষে এদিন শুরুর একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনেন ম্যানসিটির কোচ গার্দিওলা। জ্যাক গ্রিলিশ, কেভিন ডি ব্রুইনে, বার্নার্দো সিলভা এবং কাইল ওয়াকারদের মতো তারকা খেলোয়াড়দের রেখে একাদশ সাজান তিনি। তবে বেঞ্চের শক্তি পরীক্ষা-নিরীক্ষার ম্যাচে প্রথমার্ধে গোলের দেখা পায়নি গার্দিওলার দল। যদিও বল পজিশন কিংবা গোলে শট, সবকিছুতে প্রভা খাটিয়েছেন রদ্রি, আর্লিং হাল্যান্ড ও জুলিয়ান আলভারেজরা। কিন্তু ১০টি শটের একটিও অন টার্গেটে রাখতে পারেনি তারা। তবে তিন শটের একটি টার্গেটে রেখেছে অতিথি দলটি। 

৩৯ মিনিটে ম্যাচে উল্লেখযোগ্য শট নেয় এভারটন। ইয়াংয়ের ক্রস থেকে বল পেয়ে যান হ্যারিসন। কিন্তু তার শটটি গোলপোস্টের বাইরের অংশ কাঁপিয়ে যায়। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র মেনে মাঠ ছাড়ে দুই দল। 

দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিট আরও এলোমেলো ফুটবল খেলে ম্যানসিটি। ৫১ মিনিটে আলভারেজের শট লক্ষ্য রাখতে বাধা দেন এভারটনের ডিফেন্ডার ইদ্রিসা গানা গুইয়ে। দুই মিনিট পর ডকুকে বাজেভাবে ডিফেন্স করে হলুদ কার্ড দেখেন তিনি। ফ্রি কিক পায় ম্যানসিটি। তবে নাথান আকের নেওয়া ফ্রি কিক শট আতঙ্ক ছড়াতে পারেনি অতিথি শিবিরে।

৫৬ মিনিটে ম্যানুয়েল লুইস নুনেস ও আকানিজকে তুলে বদলি হিসেবে ডি ব্রুইনে ও ওয়াকারকে মাঠে নামান কোচ গার্দিওলা। ৬৬ মিনিটে মাঝমাঠের অনেকটা ‍দূর থেকে শট নেন রদ্রি। যদিও তার গতিময় শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। ম্যাচ গড়াতে থাকলেও গোলশূন্য সিটির জন্য দুশ্চিন্তা ভর করে। 

অবশেষে ম্যানসিটিকে লিড এনে দেন হাল্যান্ড। ৭০ মিনিটে কর্নার পায় ম্যানসিটি। রুবেন দিয়াস গোলে হেড নেন, তবে প্রতিপক্ষের ডিফেন্ডার সেটি প্রতিহত করেন। তবে বল বক্সের থেকে ক্লিয়ার করতে পারেনি এভারটন। জটলার মধ্যে কয়েকজনের পা ঘুরে বলে আসে হাল্যান্ডের পায়ে। এরপর ডানপ্রান্ত দিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন নরওয়েজিয়ান। বদলি হিসেবে নামা ডি ব্রুইনে তার পায়ের ঝলক দেখান ম্যাচের ৮৫ মিনিটে। এ সময় বেলজিয়াম তারকার অ্যাসিস্টে ম্যাচে দ্বিতীয় গোল করেন হাল্যান্ড। 

২০১৭ সালের পর থেকে এভারটনের বিপক্ষে হারেনি ম্যানচেস্টার সিটি। সেবার গুডিসন পার্কে আতিথেয়তা নিয়ে ৪-০ গোলের লজ্জার পরাজয় বরণ করে ঘরে ফেরে সিটিজেনরা। এরপর থেকে দলটির বিপক্ষে নিজেদের আধিপত্য বিস্তার ধরে রাখে আকাশি-নীল জার্সিধারীরা। এ সময় ১৩ খেলার দুটিতে ড্র এবং জয় এসেছে ১১টিতে। শনিবার রাতেও সেই ধারা অব্যাহত রেখেছে ম্যানচেস্টারের দলটি। পূর্ণ তিন পয়েন্টের সুবাদে লিভারপুলকে টপকে দীর্ঘদিন পর শীর্ষে ফিরেছে ম্যানচেস্টার সিটি।

২৩ খেলায় গার্দিওলার দলের পয়েন্ট এখন ৫২। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। তিনে আর্সেনাল, তাদের ঝুলিতে ৪৯ পয়েন্ট। চারে ও পাঁচে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট যথাক্রমে ৪৬ এবং ৪৪। ২৪ খেলায় ১৯ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলেই থাকল দ্য টফিসখ্যাত এভারটন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা