প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:০৫ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:২৭ পিএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত ‘ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা’র চতুর্থ আয়োজন শুরু হচ্ছে আগামীকাল শনিবার। এ উপলক্ষে শনিবার বিকাল ৪টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ৯ মার্চ একই স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজনের পর্দা নামবে।
ডিএসসিসি সূত্রে জানা গেছে- ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনে ৭৫টি ওয়ার্ড থেকে ৬৪টি করে দল অংশ নেবে। পুরো প্রতিযোগিতা হবে নকআউট পদ্ধতিতে। ১০ ফেব্রুয়ারি বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ১৯ ও ৭৪ নম্বর ওয়ার্ডের মধ্যে ফুটবলের উদ্বোধনী ম্যাচ, ১২ ফেব্রুয়ারি গোলাপবাগ মাঠে ২৫ ও ৫৫ নম্বর ওয়ার্ডের মধ্যে ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনে ৩১ ও ৬০ নম্বর ওয়ার্ডের মধ্যে ব্যাডমিন্টন খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
মেয়র কাপ ক্রিকেটে জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের হয়ে হান্নান সরকার, ২ নম্বর ওয়ার্ডের হয়ে মোহাম্মদ আশরাফুল, ২২ নম্বর ওয়ার্ডের হয়ে ইলিয়াস সানি, ২৭ নম্বর ওয়ার্ডের হয়ে জাভেদ ওমর বেলিম ও ৩৩ নম্বর ওয়ার্ডের হয়ে খেলবেন মেহরাব হোসেন অপি।
ফুটবলে ৯ নম্বর ওয়ার্ডের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সুজন ও বাল্লি, ফকিরাপুল ইয়াংম্যান্স ক্লাবের শাওন, ২৪ নম্বর ওয়ার্ডের হয়ে আক্কাস ও রমজান, ২৯ নম্বর ওয়ার্ডের হয়ে রাজন হাওলাদার, ৩৩ নম্বর ওয়ার্ডের হয়ে ব্রাদার্স ইউনিয়নের সুজন অংশ নেবেন।
ফুটবল ও ক্রিকেটে বিজয়ী প্রতিটি দলই ৭ লাখ টাকা করে এবং রানারআপ দল ৫ লাখ টাকা করে পুরস্কার হিসেবে পাবে। আর ব্যাডমিন্টনে বিজয়ী দল ৩ লাখ এবং রানারআপ দল ২ লাখ টাকা অর্থ পুরস্কার হিসেবে পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।