প্যারিস অলিম্পিক বাছাই
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৩২ এএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৪ পিএম
প্যারিস অলিম্পিক বাছাই পর্বে প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছিল ব্রাজিল। নিজেদের দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট খুইয়ে ফেলার দ্বারপ্রান্তে ছিল তারা। তবে নির্ধারিত সময় শেষের ২ মিনিট আগের গোলে জয় তুলে নেয় সেলেসাওরা। এতে অলিম্পিকে খেলার আশা বাঁচিয়ে রেখেছে হলুদ জার্সিধারীরা।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে ভেনেজুয়েলার কারাকাসে অনুষ্ঠিত অলিম্পিক বাছাইয়ের ম্যাচে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। এ জয়ের পথে ১টি করে গোল করেছেন মরিসিও এবং গিলের্মে বিরো। আর ভেনেজুয়েলার হয়ে একমাত্র গোলটি করেছেন বলিভার।
দিনের আরেক ম্যাচে আর্জেন্টিনা ৩-৩ গোলে ড্র করেছে প্যারাগুয়ের বিপক্ষে। তাতে কনমেবল অঞ্চলের অলিম্পিক বাছাই পর্বে যা যোগ করেছে ভিন্ন এক মাত্রা। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে জয়ের কোনো বিকল্পই নেই আর্জেন্টিনার।
চূড়ান্ত পর্বে খেলা চার দলের মধ্যে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারাগুয়ে। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাজিল, ২ পয়েন্ট নিয়ে তিনে আর্জেন্টিনা। আর ১ পয়েন্ট নিয়ে চারে আছে ভেনেজুয়েলা।
রবিবার ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে ব্রাজিল জিতলে ৬ পয়েন্ট নিয়ে তাদের অলিম্পিক যাত্রা নিশ্চিত হবে। তাতে অন্য কোনো হিসাবের দরকার হবে না। আর্জেন্টিনা জিতলে তারা অলিম্পিকে যাবে ৫ পয়েন্ট নিয়ে। সে ক্ষেত্রে বাদ পড়বে ব্রাজিল।
ভেনেজুয়েলার বিপক্ষে প্যারাগুয়ে যদি ড্র করে বা জেতে, সে ক্ষেত্রে ড্র করলেই মূল পর্বে উঠবে সেলেসাওরা। তবে জয় ছাড়া কোনো বিকল্প নেই আর্জেন্টিনার। অলিম্পিকে জায়গা পেতে হলে গ্রুপের শেষ ম্যাচে জিততেই হবে আলবিসেলেস্তিদের।