সাফ অনূর্ধ্ব-১৯
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ০২:৩০ এএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১১:০৭ এএম
বৃহস্পতিবার সাফের ফাইনালে যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় দুই দলকে। প্রবা ফটো
বৃহস্পতিবার সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারের পর একপর্যায়ে টসের মাধ্যমে জয় নির্ধারণ করেন ম্যাচ রেফারি। চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ভারতকে। বিষয়টি নিয়ে শুরু হয় ধোঁয়াশা। আপত্তি তোলে বাংলাদেশ। তখন পর্যন্ত জানা যায়নি আসলে মাঠে কী ঘটেছিল। তা নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন অধিনায়ক আফিদা খন্দকার। তিনি জানিয়েছেন টসে শিরোপা নির্ধারণ, বিষয়টি জানতেন না তিনি। তিনি ভেবেছিলেন ফের পেনাল্টি শুটআউট নিতেই টসের বিষয় ওঠে।
সংবাদমাধ্যমকে আফিদা বলেছেন, ‘আমি তো অবাক। টসের পর দেখি ওরা উল্লাস করছে। বুঝতে পারছিলাম না কী হচ্ছে। পরে শুনি ওরা চ্যাম্পিয়ন হয়ে গেছে। সে সময় আমি বিষয়টি নিয়ে আপত্তি তুলি। কারণ আমি তো জানতাম না এটা চ্যাম্পিয়ন নির্ধারণের টস ছিল। পেনাল্টি তো শেষ হয় না, আমি যত দূর জানি এটা চলতেই থাকে। কিন্তু... আসলে আমি আর কিছু বলতে পারব না।’
এদিকে এক শটের টাইব্রেকারে সমতা থাকার পর রেফারি অঞ্জনা রাই নিয়ম অনুযায়ী টাইব্রেকার চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু ম্যাচ কমিশনার ডি সিলভা জয়সুরিয়া ডিলান সিদ্ধান্ত দিয়ে বসেন কয়েন টসের, বাইলজে যে নিয়মই নেই! শ্রীলঙ্কান এ ম্যাচ রেফারির ভুলে রীতিমতো লঙ্কাকাণ্ড হয়ে গেল সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ-ভারত ফাইনালে। প্রায় আড়াই ঘণ্টা পর দুই দলকে অবশেষে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে কথা বলেছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তিনি জানান, ভুলটা ম্যাচ কমিশনারের। ‘যে ধরনের ঘটনা ঘটেছে, একেবারেই দুর্ভাগ্যজনক। সাফ চ্যাম্পিয়নশিপে অতীতে কখনই এ রকম কোনো কিছু হয়নি। ভুলটা হয়ে গেছে ম্যাচ কমিশনারের মাধ্যমে। তিনি ভুলটা করেছেন। নিয়মকানুনটা পুরোপুরি না দেখে হয়তো সিদ্ধান্তটা দিয়েছেন। আমি যতটুকু জানি, রেফারি খেলা চালিয়ে যেতে বলেছিলেন, তিনি (ম্যাচ কমিশনার) তখন বলেছিলেন রেগুলেশনে এটাই (কয়েন টস) আছে। এ ভুলটা তিনি করাতে এ সমস্যা হয়েছে।’
যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফিটা আপাতত ভারতকে দিয়ে দেওয়া হয়েছে। আরেকটা ট্রফি তৈরি করে বাংলাদেশকে দেওয়া হবে বলে জানা গেছে।