অলিম্পিক বাছাই
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২৫ পিএম
মাথা গরমের ম্যাচে জিততে পারেনি আর্জেন্টিনাও
বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে সফল ব্রাজিল। পাঁচ পাঁচটি শিরোপা গেছে তাদের শোকেসে। কিন্তু সেই সেলেসাওরা অলিম্পিকে এসে পাচ্ছিল না স্বর্ণের দেখা। সেই খরা কেটে যেতেই ব্রাজিলিয়ানদের গলায় উঠেছে টানা দুইবারের শ্রেষ্ঠত্বের পদক।
২০১৬ সালে ঘরের মাঠে রিও অলিম্পিকের পর ২০২০ সালে টোকিও আসরের ফুটবলে সেরা হয়েছে ব্রাজিল। এবার তাই প্যারিস অলিম্পিকে তাদের সামনে হ্যাটট্রিক স্বর্ণ পদক জয়ের হাতছানি।
হলুদ জার্সিধারীরা সুযোগটি কাজে লাগাতে পারবে কি না সেটা তো পরের প্রশ্ন। এখন প্রশ্ন হলোÑ প্যারিস অলিম্পিকের টিকিট পাবে তো ব্রাজিল? এমন প্রশ্ন উঠছে তাদের মাঠের পারফরম্যান্সের কারণে। অলিম্পিকের প্রাথমিক বাছাই পর্ব ঠিকঠাক পেরিয়ে গেলেও বেকায়দায় পড়েছে চূড়ান্ত বাছাই পর্বে পা রেখেই।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের অলিম্পিকের চূড়ান্ত বাছাই পর্বের শুরুতেই ধাক্কা খেয়েছে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচেই প্যারাগুয়ের কাছেই ১-০ গোলে হেরে গেছে পেলে-নেইমারদের দেশের অনূর্ধ্ব-২৩ দল। সোমবার রাতের অন্য ম্যাচে হোঁচট খেয়েছে লিওনেল ম্যারাডোনো-মেসিদের দেশের ছেলেরাও। কোচ হ্যাভিয়ের মাচেরানোর শিষ্যদের ২-২ গোলে রুখে দিয়েছে ভেনেজুয়েলা।
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের ম্যাচে প্রথমার্ধেই এগিয়ে যায় প্যারাগুয়ে। একেবারেই শেষ মুহূর্তে ফ্যাব্রিজি পেরালতার মাথা ছুঁয়ে বল আশ্রয় নেয় ব্রাজিলের জালে। তার আগে গোলের সুবর্ণ সুযোগ মিস করে ব্রাজিলিয়ানরা। ২৯ মিনিটে পাওয়া পেনাল্টি মিস করেন রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ খেলোয়াড় এনদ্রিক।
দিনের পরে ম্যাচে যোগ করা সময়ের দশম মিনিটে পেনাল্টি গোলে আর্জেন্টিনাকে হতাশ করে স্বাগতিক ভেনেজুয়েলা। মাথা গরমের ম্যাচে ছিল লাল কার্ড আর আত্মঘাতী গোলের ছড়াছড়ি। আলবিসেলেস্তেরা ম্যাচ শেষ করে ৯ জন নিয়ে। ছাড় পায়নি ভেনেজুয়েলাও। লাল কার্ড দেখেন তাদেরও একজন। দুই দলের প্রথম দুটি গোল ছিল আত্মঘাতী।
ম্যাচের ১৬ মিনিটেই আর্জেন্টাইন গোলরক্ষক লিওনার্দো ব্রেইয়ের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিক ভেনিজুয়েলা। ৩৯ মিনিটে সমতা আসে ম্যাচে। সেটাও আত্মঘাতী গোলের কল্যাণে। এবার গোল করেন স্বাগতিক দলের ডিফেন্ডার কার্লোস ভিভাস। স্কোর হয়ে যায় লেভেল। ম্যাচের প্রথমার্ধ থেকে যায় ১-১ গোলে সমতায়। এরপরই উত্তেজনা ছড়ায় মাঠে।
প্রথমার্ধে লাল কার্ড দেখেন ভেনিজুয়েলার ওর্তেগা কারমোনা এবং আর্জেন্টিনার ভ্যালেন্তিন বার্কো। বিরতির পর ৬১ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোল উপহার দেন আর্জেন্টাইন ক্যাপ্টেন থিয়াগো আলমাদা। উত্তেজনা ছড়ানো ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি পেয়ে যায় ভেনেজুয়েলা। কেভিন কেলসির গোলে সমতায় ফেরে আয়োজকরা। তার আগেই লাল কার্ড পান আর্জেন্টিনার গঞ্জালো লুজান।
৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার মাঠের শত্রু প্যারাগুয়ে। একই দিনে ভেনেজুয়েলার বিরুদ্ধে মাঠে নামবে ব্রাজিল। আর ১১ ফেব্রুয়ারি একে অন্যকে মোকাবিলা করবে দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনা।
লাতিন আমেরিকার অলিম্পিক ফুটবলের বাছাইপর্ব থেকে অলিম্পিকে নাম লিখবে দুটি দল। আঞ্চলিক বাছাই পর্বে প্রতিদ্বন্দ্বিতা করছে চারটি দলÑ ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা। চার দলের বাছাই পর্ব হচ্ছে আবার ভেনেজুয়েলার মাটিতে।