প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩২ পিএম
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেশটির
পাঞ্জাব রাজ্যের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। মঙ্গলবার
থেকে শুরু হয় তার তিন বছরের মেয়াদ। এদিন লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অন্তর্বর্তীকালীন
চেয়ারম্যান শাহ খাওয়ারের ডাকা সভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায়
নির্বাচিত হন মহসিন। তিনি পিসিবির ৩৭তম চেয়ারম্যান।
দায়িত্বপ্রাপ্তির পর নাকভি বলেছেন, ‘পিসিবির চেয়ারম্যান নির্বাচিত
করায় আমি সম্মানিত এবং কৃতজ্ঞ। আমার প্রতি আস্থা ও বিশ্বাস রাখায় সকলকে ধন্যবাদ। আমি
পাকিস্তানের ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে ও বোর্ডে পেশাদারিত্ব ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ।’
২০২২ সালের ডিসেম্বরে রমিজ রাজার বিদায়ের পর থেকেই পিসিবিতে কোনো
স্থায়ী চেয়ারম্যান ছিল না। এরপর নাজাম শেঠি এবং জাকা আশরাফ ভিন্ন ভিন্ন সময়ে অন্তর্বর্তীকালীন
চেয়ারম্যান হিসেবে ছিলেন। গত ১৯ জানুয়ারি দায়িত্ব ছাড়েন আশরাফ।
পিসিবির নতুন চেয়ারম্যান মহসিন ‘মিডিয়া মোগল’ হিসেবে পরিচিত। তিনি সিএনএনের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষক ছিলেন। ৪৫ বর্ষী এই প্রশাসক আমেরিকান নিউজ নেটওয়ার্কে কাজ করেছেন। বর্তমানে দেশটির জনপ্রিয় ‘২৪ নিউজ’ নামের একটি মিডিয়ার মালিক।