× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পয়েন্ট ভাগাভাগিতে ফয়সালা মাদ্রিদ ডার্বি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫৪ এএম

মাদ্রিদ ডার্বিতে জিতল না কেউই— এক্স

মাদ্রিদ ডার্বিতে জিতল না কেউই— এক্স

শেষ সময়ে গোল করে জয় ছিনিয়ে নেয়াটা রিয়াল মাদ্রিদের সহজাত অভ্যাস। কিন্তু লস ব্লাঙ্কোসরা এবার নিজেরাই সেই জালে আটকা পড়েছে। আতলেতিকো মাদ্রিদের নিপক্ষে নির্ধারিত সময়ের ৯০ মিনিটেও এগিয়ে ছিল তারা। কিন্তু নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে শেষ মুহূর্তে গোল হজম করে বসে তারা। এতে মাদ্রিদ ডার্বিতে দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে জয়ের দেখা পেল না কেউই।

রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ লা লিগায় দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াই ১-১ গোলে ড্র হয়েছে। ২০ মিনিটে ব্রাহিম দিয়াস রিয়ালকে এগিয়ে নেওয়ার পর ম্যাচের শেষ সময়ে সমতা টানেন মার্কোস ইয়োরেন্তে। মূল্যবান দুটি পয়েন্ট খোয়ালেও পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

লিগে ২৩ ম্যাচে ১৮ জয়, ১ হার ও ৪ ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে এবার চমক দেখানো জিরোনা। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫০। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে আতলেতিকো।

চলতি মৌসুমে এর আগেও তিনবার মুখোমুখি হয়েছিল এই দুই দল। গত সেপ্টেম্বরে লা লিগায় প্রথম দেখায় প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে হেরেছিল রিয়াল। এরপর জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ৫-৩ ব্যবধানে জেতে আনচেলত্তির দল। আর সবশেষ দেখায় কোপা দেল রের শেষ ষোলোয় ৪-২ গোলে হেরে বিদায় নেয় রিয়াল।

ম্যাচের আগেই কাঁধে ব্যথা অনুভব করায় একাদশ থেকে বাদ পড়েন দলের সবচেয়ে গতিময় ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তবুও ম্যাচে এগিয়ে যেতে সময় লাগেনি রিয়ালের। ২০তম মিনিটে আতলেটিকোর রক্ষণের ভুলে বল পেয়ে যান ব্রাহিম দিয়াস। ঠাণ্ডা মাথায় গোলরক্ষকের সামনে চিপ শটে বল জালে পাঠান ভিনিসিয়ুসের জায়গায় খেলতে নামা দিয়াস।

বিরতির আগে আর কোনো নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি দুই দলের কেউ। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে স্তেফান সাভিচের গোলের উল্লাস থেমে যায় অফসাইডের কারণে। এরপর বেশ কয়েকটি পরিবর্তন এনেও গোলের দেখা পাচ্ছিল না দলটি। 

ফলে রিয়াল শিবিরে পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার আশাও বাড়তে থাকে। কিন্তু যোগ সময়ের তৃতীয় মিনিটে সব ওলটপালট করে দেন ইয়োরেন্তে। মেম্ফিস ডিপাইয়ের হেড পাস ডি-বক্সে পেয়ে হেডেই ক্রসবার ঘেঁষে ঠিকানা খুঁজে নেন এই স্প্যানিশ মিডফিল্ডার। এতে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট বের করে নেওয়ার উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা