প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩৪ পিএম
খালেদের চিন্তার বিষয় দেশি ক্রিকেটারদের পারফর্ম করতে না পারায়— ছবি: দুর্দান্ত ঢাকা
বিপিএলে স্থানীয় ব্যাটারদের ব্যাটে রান নেই, হাতেগোনা দুয়েকজন বাদে দেশি বোলাররাও পাচ্ছেন না তেমন সাফল্য। মারকাটারি আসরের মাঝামাঝি চলে আসলেও এখনও খোলশবন্দি দেশি ক্রিকেটাররা। নাঈম শেখ মোটাদাগে ব্যর্থ, আফিফ হোসেন কিংবা মাহেদি হাসানরাও বলার মতো তেমন কিছু করতে পারছেন না। বিশেষ করে যারা টি-টোয়েন্টি দলের ক্রিকেটার, বিশ্বকাপ সামনে রেখে তারা যেন পারফরম্যান্স করা ভুলে গেছেন। খালেদ মাহমুদ সুজনের কণ্ঠে তাই ঝড়েছে হতাশা। বিষয়টি নিয়ে বেশ চিন্তিত দুর্দান্ত ঢাকার কোচ।
আজ রবিবার প্রায় ঘণ্টাদুয়েকের অনুশীলন মিরপুরে সারে ঢাকা। তাসকিন-শরিফুলদের অনুশীলন শেষে দলের কোচ দুশ্চিন্তার কথা জানান, ‘উদ্বেগ থাকা তো একটু স্বাভাবিক। (দেশি ক্রিকেটারদের) রানে থাকাটা গুরুত্বপূর্ণ। কিন্তু আবারও বলি ‘ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি’। ফর্মে অনেক সময় থাকা হয় না, কন্ডিশনটাকেও মাথায় রাখতে হবে, এটা তো ব্যাটারদের জন্য বোলারদের মতো সহজ না! আমরা যখন বিশ্বকাপ খেলবো, তখন ব্যাটারদের জন্য রান করা সহজ হবে, কারণ ওখানে ফ্ল্যাট উইকেট থাকবে।’
বিপিএলের চলতি আসরে ব্যাট হাতে খাবি খাচ্ছেন লিটন দাস-নাজমুল হোসেন শান্ত। বোলিংয়ে এখন অবধি নজরে আসার মতো কিছু করে উঠতে পারেননি মোস্তাফিজুর রহমান। ব্যাট হাতে বাংলাদেশের জাতীয় টি-টোয়েন্টি দলের অন্যতম তারকা লিটন ৫ ম্যাচে রান করেছেন ৩৭। শান্ত ৭ ম্যাচে ৭৩। প্রতি ম্যাচেই দুই ব্যাটার যেভাবে আউট হচ্ছেন, তার কোনও ব্যাখা নেই। নাইম শেখ ৫ ম্যাচে করেছেন ১১২ রান। তাওহীদ হৃদয়ের পারফরম্যান্সও চোখে পড়ার মতো। ৫ ম্যাচে করেছেন ১২৬ রান। তানজিদ হাসান তামিমের ব্যাটে এসেছে ৬ ম্যাচে ১৩২ রান। জাকির হাসান ৭ ম্যাচে ১৯৩ রান করেছেন। বোলারদের মধ্যে কেবল শরিফুল ইসলামই আলো ছড়াতে পেরেছেন। কিন্তু মোস্তাফিজ, তাসকিন, খালেদ আহমেদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজরা খুব বেশি প্রভাব ফেলতে পারছেন না। যেখানে নিজেদের চেনা কন্ডিশনে ব্যর্থ দেশি ক্রিকেটাররা, সেখানে বিদেশি ক্রিকেটাররা রান করছেন উইকেট তুলে নিচ্ছেন।
খালেদ মাহমুদের সুজনের ভাষায় এখানে দেশি ক্রিকেটারদের গেইম সেন্সে সমস্যা, ‘বিদেশি ক্রিকেটাররা এখানে প্রতিনিয়ত খেলে না, ওরা তো করে দেখাচ্ছে। তাহলে স্থানীয়রা কেন পারব না, মাঝে মাঝে এতটা নিয়ে চিন্তা হয়। আমাদের গেইম সেন্স, গেইম নলেজ, মানে আমরা এক ফ্লোতে ব্যাটিং করতে চাই এটা কোনোদিনই হবে না। আপনি কোনো দিন হয়ত ১৫০ স্ট্রাইক রেটে ব্যাটিং করবেন, কোনোদিন ২০০ স্ট্রাইক রেটেও ব্যাটিং করতে পারেন আবার ৯০ স্ট্রাইক রেটেও ব্যাটিং করতে হবে। সেরকম চিন্তা বা মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করলে আমি মনে করি সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আসলে।’