প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৯ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪৯ পিএম
শন অ্যাবটের অলরাউন্ডিং নৈপুণ্যে এক ম্যাচ রেখেই সিরিজ অস্ট্রেলিয়ার; ছবি : সংগৃহীত
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। এবার দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে
জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। পেস অলরাউন্ডার শন অ্যাবটের অলরাউন্ডিং নৈপুণ্যে ক্যারিবিয়ানদের
৮৩ রানে হারিয়েছে অজিরা। এতে ৩ ম্যাচের সিরিজে একম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে
স্টিভ স্মিথের দল।
আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) সিডনি ক্রিকেট
গ্রাউন্ডে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৫৮ রানের চ্যালেঞ্জিং
সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ক্যারিয়ারসেরা ৬৯ রানের ইনিংস খেলেন অ্যাবট। এরপর
ডানহাতি এই পেসার বল হাতে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৫ অলআউট করতে বড় ভূমিকা রাখেন।
রান তাড়ায় শুরুতেই বিপর্যয়ে পড়ে যায়
ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ৯ ওভারে ৩৪ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর অধিনায়ক
শাই হোপ ও কিসি কার্টি ৫৩ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। কিন্তু ২৩তম ওভারে
দ্বিতীয় দফায় আক্রমণে এসেই হোপকে ফেরান জশ হ্যাজলউড। বোল্ড হয়ে বিদায়ের আগে ৬৫ বলে
১ ছক্কায় ২৯ রান করেন ক্যারিবীয় অধিনায়ক।
অধিনায়কের বিদায়েই যেন ওয়েস্ট ইন্ডিজের
জয়ের আশা শেষ হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন কিসি কার্টি। তার ৫১ বলের ইনিংসে
ছিল ২টি চার ও ১টি ছক্কা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ক্যারিবীয়রা ৪৩.৩ ওভারে
অলআউট ১৭৫ রানে।
এর আগে অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের শুরুটা আগ্রাসী হলেও পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের দাপটে অভিষিক্ত ওপেনার জেইক ফ্রেজার-ম্যাগার্ক করেন ১০ রান। আরেক ওপেনার জশ ইংলিস এদিন ফিরেছেন ৯ রানে। তিন নম্বরে নেমে গ্রিন বড় ইনিংসের স্বপ্ন দেখিয়েও ফেরেন ৩৩ রানে। স্মিথ করেছেন ৫ রান। মারনাস লাবুশেন ও অ্যারন হার্ডিরাও বড় ইনিংস খেলতে পারেননি। ব্যক্তিগত ২৬ রানে হার্ডি যখন আউট হন তখন অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ১৬৭। তবে এরপর অষ্টম উইকেটে সাদারল্যান্ডের সঙ্গে ৫৭ ও জাম্পার সঙ্গে ২৭ রানের জুটিতে অ্যাবট অস্ট্রেলিয়াকে ২৫৮ রান পর্যন্ত নিয়ে যান।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ২৫৮/৯ (ফ্রেজার-ম্যাগার্ক
১০, ইংলিশ ৯, গ্রিন ৩৩, স্মিথ ২৬, লাবুশেন ২৬, শর্ট ৪১, হার্ডি ২৬, অ্যাবট ৬৯, সাদারল্যান্ড
১৮, জাম্পা ৮, হ্যাজলউড ৪; জোসেফ ৯/০/৭৪/২, ফোর্ড ৯/১/৩২/১, শেফার্ড ৮/০/৫০/২, টমাস
৪/০/৩৩/১, মোতি ১০/০/২৮/৩, রোস্টন ১০/০/৪০/০)।
ওয়েস্ট ইন্ডিজ : ৪৩.৩ ওভারে ১৭৫ (অ্যাথানেজ ১১, গ্রিভস ৮, ওটলি ৮, হোপ ২৯, কার্টি ৪০, চেজ ২৫, শেফার্ড ৬, ফোর্ড ৭, জোসেফ ১৯, মোতি ৭*, টমাস ৭; হ্যাজলউড ৮/০/৪৩/৩, হার্ডি ৮/২/২৭/১, অ্যাবট ১০/০/৪০/৩, সাদারল্যান্ড ৮/০/২৮/২, জাম্পা ৯.৩/০/৩১/১)।
ফল : অস্ট্রেলিয়া ৮৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : শন অ্যাবট