প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১৬ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪৪ পিএম
আর্লিং হাল্যান্ড ও পেপ গার্দিওলা। ছবি : সংগৃহীত
দুই বছর আগে জার্মান বুন্দেসলিগার ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আর্লিং হাল্যান্ড। গত মৌসুমেই প্রিমিয়ার লিগে ৩৩ গোল করেছেন তিনি। ট্রেবল জিতেছে তার দল। তবে গুঞ্জন ছড়িয়েছে- ইংল্যান্ড ছাড়তে চান হাল্যান্ড; অনেকে বলছেন নতুন চ্যালেঞ্জের সন্ধ্যানে এই নরওয়েজিয়ান। এসব গুঞ্জন অবশ্য উড়িয়ে দিয়েছেন কোচ পেপ গার্দিওলা।
সম্প্রতি সংবাদমাধ্যমকে গার্দিওলা বলেছেন, ‘আপনি যখন স্প্যানিশ সংবাদমাধ্যমকে জিজ্ঞেস করবেন, তখন তারা বলবে ও (হাল্যান্ড) সুখে নেই। সম্ভবত তাদের কাছে আরও তথ্য আছে যা আমাদের কাছে নেই। আমাদের কাছে এমনটা মনে হয়নি যে ও সুখে নেই। অনেকের কাছে ভুল মনে হচ্ছে, কারণ ও খেলছে না। ওকে দুই মাস ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে। কিন্তু তারা বোধহয় স্প্যানিশ মিডিয়া থেকে খবর পেয়েছে, বিশেষ করে মাদ্রিদ থেকে। অথচ আমাদের কাছে এমন তথ্য নেই।’
সংবাদমাধ্যম কী বলল এ নিয়ে অবশ্য আগ্রহ নেই গার্দিওলার। সিটিতে হাল্যান্ডের স্বাচ্ছন্দে থাকাটাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি, ‘লোকেরা কী বলছে, কী ভাবছে এটা আমরা থামাতে পারব না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ও এখানে স্বাচ্ছন্দে আছে। যখন ও অসুখী হবে ও নিজের সিদ্ধান্ত নেবে।’
চোট কাটিয়ে গত বুধবার মাঠে ফেরেন হাল্যান্ড। লিগের সেই খেলায় গোল পাননি তিনি। বার্নলিকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। আগামী সোমবার শুরুর একাদশেই থাকতে পারেন নরওয়েজিয়ান।