ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২ ১৫:৪৫ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১০ পিএম
পাওয়ার প্লের বিপর্যয় কাটিয়ে শাদাব খান আর ইফতিখার আহমেদের ফিফটিতে ভর করে ৯ উইকেটে ১৮৫ রান করেছে পাকিস্তান। জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ১৮৬ রান।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাঁচা-মরার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। প্রথম ওভারেই মোহাম্মদ রিজওয়ানকে হারায় পাকিস্তান। ওয়েইন পার্নেলেকে ৪ হাঁকানোর পরই বোল্ড হয়ে ফেরেন রিজওয়ান। দ্বিতীয় উইকেটে অধিনায়ক বাবরের সঙ্গে ৩৪ রানের জুটি গড়েন মোহাম্মদ হারিস।
প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে সুযোগ পেয়ে ঝড়ো সূচনা এনে দেন হারিস। ১১ বলে ২টি চার ও ৩টি ছয়ে ২৮ রান করেন তিনি। এরপর দ্রুত উইকেট হারাতে থাকে দলটি। একপর্যায়ে ৪৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে। অধিনায়ক বাবর ১৫ বলে করেন ৬ রান।
দলের এমন বিপর্যয়ে হাল ধরেন মোহাম্মদ নওয়াজ ও ইফতিখার। দুজনে গড়েন ৫২ রানের জুটি। ২৮ রান করে রানআউট হন নওয়াজ।
১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৯৫ রান। তখনও পাকিস্তানের বড় স্কোর করা নিয়ে সন্দেহ ছিল! তবে শাদাব খান আর ইফতিখার সেই সন্দেহ উড়িয়ে দেন। দুজনে জুটি বেঁধে প্রোটিয়া বোলারদের ওপর রীতিমতো টর্নেডো বইয়ে দেন।
দুজনে ৫ ওভার ৫ বলের মধ্যে ষষ্ঠ উইকেট জুটিতে তোলেন ৮২ রান। এর মধ্যে সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন শাদাব। মাত্র ২২ বলে ৩টি চার ও ৪টি ছয়ে ফিফটি হাঁকিয়ে ৫২ রান করে ফেরেন তিনি।
ফিফটি হাঁকান ইফতিখারও। ৩৫ বলে ৩টি চার ও ২টি ছয়ে ৫১ রান করেন এই ডান হাতি ব্যাটসম্যান।
প্রোটিয়া বোলারদের মধ্যে আনরিখ নরকিয়ে ৪১ রান দিয়ে নেন ৪ উইকেট। অন্য চার বোলার নেন ১টি করে উইকেট।